সালথায় দুই পক্ষের সংঘর্ষ, নিহত ১

আপডেট : ৩০ সেপ্টেম্বর ২০১৫, ১৪:১৪
ফরিদপুরের সালথায় গট্টির দাড়িয়াকান্দীতে স্থানীয় আওয়ামী লীগের দুই পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনায় আহত আবুল হোসেন (২০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় বলে জানা গেছে। আবুল দাড়িয়াকান্দী গ্রামের মালেক শেখের ছেলে। 
 
পুলিশ ও স্থানীয়রা জানায়, মোবাইলের মেমোরিকার্ড বেচাকেনা নিয়ে মঙ্গলবার সকালে গট্টি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওয়াদুদ মাতুব্বারের পক্ষের সঙ্গে উপজেলা আওয়ামী লীগের সদস্য ও ইউপি সদস্য নুরুদ্দীন মাতুব্বরের পক্ষের সংঘর্ষ হয়। এতে উভয় গ্রুপের অন্তত অর্ধশতাধিক ব্যক্তি আহত হয়। আহতদের মধ্যে ওদুদ মাতুব্বর গ্রুপের গুরুতর আহত আবুল হোসেনকে প্রথমে ফরিদপুর মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তার অবস্থার অবনতি ঘটলে ঘটনার দিন সন্ধ্যায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। রাত ১০টার দিকে ওই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আবুলের মৃত্যু হয়। 
 
এছাড়া এ ঘটনায় আহত আরও অন্তত ২০ জন ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল ও নগরকান্দা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি রয়েছেন। এদিকে আবুলের মৃত্যু খবর এলাকায় ছড়িয়ে পড়লে উত্তেজিত কিছু লোক প্রতিপক্ষের কয়েকটি বাড়িতে হামলা চালিয়ে ভাংচুর করে।
 
সালথা থানা অফিসার ইনচার্জ (ওসি) ডি এম বেলায়েত হোসেন বলেন, 'সংঘর্ষে আহত আবুল হোসেনের মৃত্যুর পর তার লাশ ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। এলাকার পরিবেশ এখন শান্ত রাখার জন্য ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।'