ময়মনসিংহে আলী হোসেন (২১) নামে আনন্দমোহন বিশ্ববিদ্যালয় কলেজের শিক্ষার্থীকে পিটিয়ে হত্যা করেছে প্রতিপক্ষরা। মঙ্গলবার দিবাগত রাত ১১ টার দিকে সিরতা ইউনিয়নের চর দূর্গাপুর এলাকায় এ ঘটনা ঘটে। বুধবার সকাল ১০ টার দিকে তার মরদেহ ময়না তদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায় পুলিশ। নিহত আলী হোসেন শহরের আনন্দমোহন বিশ্ববিদ্যালয় কলেজের শিক্ষার্থী এবং স্থানীয় চর ভবানীপুরের আবর আলীর ছেলে।
কতোয়ালী থানার অফিসার ইনচার্জ (ওসি) কামরুল ইসলাম এ ঘটনার সত্যতা নিশ্চিত করেন। কোতোয়ালী মডেল থানার উপ-পরিদর্শক (এস আই) আজিজুল হক জানান, স্থানীয় চর ভবানীপুর এলাকার রুবেলের কাছে ৫’শ টাকা পেতেন আলী হোসেন। মঙ্গলবার রাতে তিনি ময়মনসিংহ শহরের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন। কিন্তু টাকা নিয়ে সৃষ্ট বিরোধের জের ধরে পথে রুবেলের নেতৃত্বে ৯ জন তাকে চর দূর্গাপুর থেকে নিয়ে যায়। পরে তাকে পিটিয়ে হত্যা করে মরদেহ ফেলে রেখে যায়। রাতেই পুলিশ তার মরদেহ উদ্ধার করে।বুধবার সকালে ময়না তদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। এ ঘটনায় আইনুদ্দিন (৫০) নামে একজনকে আটক করা হয়েছে। মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
