কুমিল্লায় গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ

আপডেট : ৩০ সেপ্টেম্বর ২০১৫, ১৭:৩৪
 
কুমিল্লার হোমনায় শাহিনুর আক্তার (২৫) নামে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। নিহতের পরিবারের অভিযোগ, যৌতুকের দাবিতে স্বামী তাকে পিটিয়ে হত্যা করে মুখে বিষ ঢেলে দিয়েছে। বুধবার উপজেলার আলীপুর গ্রামে এ ঘটনা ঘটে। ঘটনার পর থেকে অভিযুক্ত স্বামী পলাতক রয়েছে।
 
পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা গেছে, উপজেলার শ্রীমদ্দি গ্রামের আমির হোসেনের মেয়ে শাহিনুর আক্তারের সাথে আলীপুর গ্রামের ইসমাইল মিয়ার ছেলে সিএনজি চালক জিলানী মিয়ার সাথে ২০১২ সালে পারিবারিকভাবে বিয়ে হয়। সে সময় যৌতুক হিসেবে নগদ ৪০ হাজার টাকা ও আসবাবপত্র দেয়া হয়। শাহিনুরের ২ বছর বয়সী ইয়ামিন নামের এক ছেলে রয়েছে। বুধবার সকালে স্বামী জিলানী মিয়া স্ত্রী শাহিনুর আক্তারকে ব্যাপক মারধর করে বাড়িতে ফেলে রেখে পালিয়ে যায়। পরে গুরুতর আহত অবস্থায় এলাকাবাসী শাহিনুর আক্তারকে উদ্ধার করে দুপুর ১২টার সময় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিত্সক তাকে মৃত ঘোষণা করের।
 
নিহতের মা শান্তি বেগম অভিযোগ করেন, যৌতুকের লাইগা প্রায়ই আমার মাইয়ারে মারধর করতো। আমার মাইয়ারে পিটাইয়া মাইরা মুখে বিষ ঢাইলা দিছে। পাশের বাড়ির লোকজন আমার মাইয়ারে হাসপাতালে নিয়া আইলে ডাক্তার কইছে আমার মাইয়া মইরা গেছে।
 

হোমনা থানার ওসি মো. আবুল ফয়সল জানান, নিহতের শরীরে বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্ন রয়েছে। লাশের ময়নাতদন্তের পর বিষয়টি আমরা নিশ্চিত হতে পারবো।  এ রিপোর্ট লিখা পর্যন্ত মামলা দায়েরের প্রস্তুতি চলছে।