বর্ধমান বিস্ফোরণ: ঝাড়খণ্ডে জেএমবি সদস্য আটক

আপডেট : ৩০ সেপ্টেম্বর ২০১৫, ১৯:৫২
 
পশ্চিমবঙ্গের বর্ধমান বিস্ফোরণের সাথে জড়িত সন্দেহে ভারতের অপর রাজ্য ঝাড়খণ্ডে এক জনকে আটক করেছে দেশটির যৌথ বাহিনী। পুলিশের দাবি আটক সাদিক আলিয়াস সুমন জামাতুল মুজাহিদিন বাংলাদেশ-এর (জেএমবি) সদস্য ও তিনি বাংলাদেশের নাগরিক। তাকে ধরিয়ে দিতে পাঁচ লাখ রুপি পুরস্কার ঘোষণা করে রেখেছিল দেশটির কর্তৃপক্ষ।
 
ঝাড়খণ্ড পুলিশের মুখপাত্র এসএন প্রধান বুধবার সাদিককে আটকের খবরটি জানান। একই দিনে তাকে আদালতে নিয়ে যাওয়ার কথাও জানান ওই মুখপাত্র। রাজ্যটির সন্ত্রাস বিরোধী স্কোয়াড ও ন্যাশনাল ইনভেস্টিগেশন অ্যাজেন্সির (এনআইএ) একটি যৌথ দল রামগড় জেলা থেকে তাকে আটক করে।
 
২০১৪ সালের অক্টোবর মাসে বর্ধমানের খগড়াগড়ের একটি বাড়িতে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। ওই ঘটনায় দুইজন সন্দেহভাজন মুজাহিদিন ও একজন আহত হন। এনআইএ বিস্ফোরণে জড়িত সন্দেহে ২১ জনের বিরুদ্ধে অভিযোগ আনে। এর মধ্যে চার জন বাংলাদেশের নাগরিক।