চ্যাম্পিয়ন্স ট্রফিতে নিশ্চিত বাংলাদেশ : আইসিসি

আপডেট : ৩০ সেপ্টেম্বর ২০১৫, ২১:০৪
 
আগামী ২০১৭ সালের চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলা নিশ্চিত করেছে বাংলাদেশ। বুধবার আইসিসি তাদের ওয়েবসাইটে দলের র‌্যাঙ্কিং প্রকাশ করেছে। র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশের অবস্থান ৭-এ। তালিকায় ওয়েস্ট ইন্ডিজকে সরিয়ে জায়গা করে নিয়েছে পাকিস্তান। পাকিস্তানের রেটিং পয়েন্ট ৯০। র‌্যাঙ্কিংয়ে তাদের অবস্থান ৮ এ। আর ৮৮ পয়েন্ট নিয়ে ওয়েস্ট ইন্ডিজ চলে  গেছে ৯ এ।
 
আইসিসির নিয়ম অনুয়ায়ী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত র‌্যাঙ্কিংয়ে থাকা প্রথম আট দল আগামী ২০১৭ সালে ইংল্যান্ডে অনুষ্ঠিত চ্যাম্পিয়ন্স ট্রফিতে  খেলতে পারবে। দীর্ঘ ১১ বছর পর বাংলাদেশ চ্যাম্পিয়ন্স ট্রফিতে  খেলার সুযোগ  পেল। এর আগে সর্বশেষ ২০০৬ সালে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলে টাইগাররা।
 
ওই মৌসুমে ভারতে অনুষ্ঠিত ওই টুর্নামেন্টে  কোয়ালিফাইং রাউন্ড খেলতে হয় বাংলাদেশকে। কোয়ালিফাইংয়ে শ্রীলংকার কাছে ৩৭ এবং ওয়েস্ট ইন্ডিজের কাছে ১০ উইকেটে হেরেছিল টাইগাররা। শুধুমাত্র জিম্বাবুয়ের বিপক্ষে ১০১ রানে জিতেছিল বাংলাদেশ। কিন্তু ২০১৫ সালের বিশ্বকাপের পর  থেকে বাংলাদেশ ক্রিকেট দলে আমূল পরিবর্তন চলে আসে। বিশ্বকাপের পর ঘরের মাঠে ভারত, পাকিস্তান, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজ জিতে বিশ্বকে তাক লাগিয়ে দেয় বাংলাদেশ।
 
বাংলাদেশ ছাড়া চ্যাম্পিয়ন্স ট্রফি নিশ্চিত হওয়া অন্য দলগুলা হলো- অস্ট্রেলিয়া, ভারত, দক্ষিণ আফ্রিকা, নিউজিল্যান্ড, শ্রীলংকা, ইংল্যান্ড এবং পাকিস্তান। আগামী ২০১৭ সালের চ্যাম্পিয়ন্স ট্রফিতে ১৫টি ম্যাচ অনুষ্ঠিত হবে। দুইটি গ্রুপে চারটি করে আটটি দল খেলবে। দুই গ্রুপের শীর্ষ দুটি করে দল সেমিফাইনাল  খেলবে। ওই বছরের ১ থেকে ১৮ জুন খেলা অনুষ্ঠিত হবে। তবে খেলার  ভেন্যু এবং কোন দল কোন গ্র“পে খেলবে তা পরে জানানো হবে বলে জানিয়েছে আইসিসি। ফোকাস বাংলা।