দিনেদুপুরে কয়েকশত লোকের সামনে সশস্ত্র সন্ত্রাসীরা আগ্নেয়ান্ত্র ও চাপাতি দিয়ে ৫শ গজ পথ তাড়া করে শাহ আলম (২৫) নামে এক সন্ত্রাসীকে তার বাড়িতে গুলি ও কুপিয়ে হত্যা করেছে। নরসিংদী শহরের বকুলতলা ও হোসেন বাজার এলাকায় গতকাল বুধবার বিকালে এ ঘটনা ঘটে।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, এ নিয়ে গত এক সপ্তাহে নরসিংদীতে ৫টি ভয়াবহ হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। স্থানীয়রা জানিয়েছে, নরসিংদী শহরের বকুল তলা মহল্লার কাশেম মুন্সীর ছেলে শাহ আলম একটি সংঘবদ্ধ সশস্ত্র ছিনতাইকারী দলের সদস্য। তারা গত মঙ্গলবার শহরের বিভিন্ন স্থান থেকে ৫/৭টি মোবাইল ছিনতাই করে আনে। এসব ছিনতাই করা মোবাইল ভাগাভাগি নিয়ে ছিনতাইকারী দলের অপর সদস্য জুয়েলের সাথে শাহ আলমের বিরোধ দেখা দেয়। এরপর বুধবার বিকালে শাহ আলম তার বাড়ি বকুলতলা থেকে ৫শ গজ দূরে হোসেন বাজারে গেলে ছিনতাইকারী জুয়েলসহ ৭/৮ জন ছিনতাইকারী তাকে তাড়া করে। সে দৌঁড়ে বাড়ির দিকে আসতে থাকলে জুয়েল ও অন্য সন্ত্রাসীরা আগ্নেয়াস্ত্র ও চাপাতি নিয়ে তার পিছু তাড়া করে।
এ সময় সন্ত্রাসীরা তাদের আগ্নেয়াস্ত্র থেকে ফাঁকা গুলি বর্ষণ করলে রাস্তায় থাকা লোকজন ভয়ে দৌঁড়ে পালিয়ে যায়। এক পর্যায়ে শাহ আলম দৌঁড়ে নিজ বাড়িতে গিয়ে পালানোর চেষ্টা করলে জুয়েল ও তার সহযোগী সশস্ত্র সন্ত্রাসীরা তার বাড়িতে ঢুকে প্রথমে তাকে গুলি করে। পরে চাপাতি দিয়ে তাকে এলোপাতাড়ি কুপিয়ে মৃত্যু নিশ্চিত করে চলে যায়।
