বান্দরবানের থানছি উপজেলায় পর্যটকদের ভ্রমণ সাময়িক বন্ধ করে দেয়া হয়েছে। দর্শনীয় স্থানগুলোতে ভ্রমণ ঝুঁকিপূর্ণ হয়ে ওঠায় পর্যটকদের সার্বিক নিরাপত্তার স্বার্থে বুধবার সকালে স্থানীয় নিরাপত্তা বাহিনী এবং প্রশাসন যৌথভাবে এ সিদ্ধান্ত গ্রহণ করেছে।
বিষয়টি নিশ্চিত করে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) বান্দরবান সেক্টর কমান্ডার অলিউর রহমান জানান, থানছি উপজেলার দর্শনীয় স্থানগুলো পর্যটকদের জন্য নিরাপদ নয়। বৃষ্টিতে থানছির দর্শনীয় স্থান নাফাকুম ঝর্ণা, রেমাক্রী, বড়পাথরসহ নদীপথে প্রবল স্রোত এবং স্পটগুলো পিচ্ছিল হয়ে বিপজ্জনক হয়ে উঠেছে।
সম্প্রতি নৌকাডুবির ঘটনায় একজন বিজিবি সদস্য মারা গেছেন। এছাড়া বিজিবি ক্যাম্পেও সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। বিষয়গুলো চিন্তা করে পর্যটকদের নিরাপত্তার স্বার্থে সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণের জন্য থানছিতে পর্যটকদের ভ্রমণ সাময়িক বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে। তবে স্থানীয় প্রশাসন এবং আইন-শৃঙ্খলা বাহিনীর ছাড়পত্র পেলে পর্যটকরা স্থানীয় বিজিবি ক্যাম্পে তাদের নাম-ঠিকানা লিখিতভাবে জমা দিয়ে ভ্রমণ করতে পারবেন।
