ভেড়ামারায় আওয়ামী লীগ সমর্থকদের ২০ বাড়িতে জাসদের হামলা

আপডেট : ০১ অক্টোবর ২০১৫, ০২:২০

কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার পল্লীতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে জাসদের কর্মীরা আওয়ামী লীগ কর্মীদের বাড়িতে হামলা ও ব্যাপক ভাংচুর করেছে। ঈদের পর মোটর সাইকেল মহড়াকে কেন্দ্র করে দ্বন্দ্বের জের ধরে জাসদ কর্মীরা আওয়ামী লীগ সমর্থকদের কমপক্ষে ২০টি বাড়িতে হামলা, লুট ও ভাংচুর চালিয়েছে। এ ঘটনায় কমপক্ষে ১০ জন আহত হয়েছেন। মঙ্গলবার গভীর রাতে এ ঘটনা ঘটে।

 
প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, রাত ৩ টার দিকে সংঘবদ্ধ জাসদ কর্মীরা ভেড়ামারা উপজেলার ধরমপুর ইউনিয়নের কাজীহাটা এলাকায় আওয়ামী লীগ সমর্থকদের ঘর-বাড়িতে হামলা  চালায়। ঘটনার সময় হামলাকারীরা এলাকায় ঢুকে প্রথমে বসতবাড়ির বিদ্যুতের মিটার ভাংচুর করে বিদ্যুত্ লাইন বন্ধ করে দেয়। পরে তারা বসতবাড়িতে হামলা-ভাংচুর ও লুটপাট করে। এছাড়া ঘটনার সময় হামলাকারীরা ককটেল ফাটিয়ে এলাকায় আতংক সৃষ্টি করে। এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে জাসদ কর্মীরা হামলা চালায় বলে পুলিশ জানায়। 
 
ভেড়ামারা থানার ওসি তাজুল ইসলাম জানান, ঘটনাটি রাজনৈতিক দলের সাথে সম্পর্কিত নয়। হামলাকারীদের প্রতিরোধ করতে গিয়ে ১০ জন আহত হন।
 

ধরমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহাবুল আলম লালু জানান, শক্তি প্রদর্শন ও প্রভাব বিস্তার করার উদ্দেশ্যে জাসদের কর্মীরা অতর্কিত হামলা-লুট ও তাণ্ডব চালিয়েছে। তবে ভেড়ামারা উপজেলা জাসদের সাধারণ সম্পাদক আনছার আলীর দাবি, এ হামলার ঘটনা রাজনৈতিক নয়। তুচ্ছ একটি ঘটনাকে কেন্দ্র করে গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ হয়েছে। এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পুলিশ মোতায়েন করা হয়েছে।