সরকারের উন্নয়ন কাজে জনসম্পৃক্ততা বাড়াতেই উন্নয়ন মেলা : আনোয়ার হোসেন মঞ্জু

আপডেট : ০১ অক্টোবর ২০১৫, ০২:২৩

পরিবেশ ও বন মন্ত্রী এবং জাতীয় পার্টির (জেপি) চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু এমপি বলেছেন, দেশে স্থিতিশীলতা বজায় থাকলে সরকারের উন্নয়ন কর্মসূচিসমূহ দ্রুত বাস্তবায়িত হয়। পাশাপাশি জনগণের কল্যাণে নতুন নতুন কাজ শুরু করা যায়। তাই সকলের উচিত হানাহানি-দ্বন্দ্ব পরিহার করে শান্তিপূর্ণ পরিবেশ অক্ষুণ্ন রাখা। তিনি গতকাল বুধবার পিরোজপুর জেলার ভাণ্ডারিয়া উপজেলার বিভিন্ন কর্মসূচি ও অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেয়ার সময় আরও বলেন, দেশে সরকার যেসব উন্নয়ন কর্মকাণ্ড বাস্তবায়ন করছে তার সঙ্গে জনগণের সম্পৃক্ততা বাড়াতে জেলা ও উপজেলায় উন্নয়ন মেলার আয়োজন করা হচ্ছে। এর মধ্যে দিয়ে সরকারি কাজ সম্পর্কে মানুষ স্বচ্ছ ও বিস্তারিত ধারণা লাভ করবে। রাস্তা-ঘাটসহ শিক্ষা, স্বাস্থ্য, জনস্বাস্থ্য, নারী উন্নয়ন, পরিবেশ সংরক্ষণ, তথ্য ও প্রযুক্তির উন্নয়ন ইত্যাদি সকল ক্ষেত্রে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ব্যাপক কাজ হচ্ছে। যার সুফল আমরা পাচ্ছি। প্রধানমন্ত্রীর বদান্যতায় ভাণ্ডারিয়া উপজেলা সদরকে পৌরসভায় রূপান্তরিত করা হয়েছে। এ সকল কাজের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সর্বোপরি দেশের সুস্থ পরিবেশ ও শান্তিপূর্ণ অবস্থা যাতে অব্যাহত থাকে তার জন্য আমাদের সকলকে দোয়া করতে হবে। 

 
পরিবেশ ও বন মন্ত্রী বলেন, ভাণ্ডারিয়ায় যারা সরকারি দায়িত্ব পালনকারী কর্মকর্তা রয়েছেন তাদের আরও সক্রিয় হয়ে এ উপজেলায় উন্নয়ন কর্মকাণ্ড সফলতার সঙ্গে বাস্তবায়নে অধিকতর মনোযোগ দেয়া আবশ্যক। সরকারের হাতে পর্যাপ্ত সম্পদ রয়েছে। এ সম্পদের ন্যায্য হিস্যা ভাণ্ডারিয়া তথা এ অঞ্চলের অধিবাসীদের জন্য আমরা অতীতেও আদায় করে আনতে সক্ষম হয়েছি, ইনশাল্লাহ এখনও পারবো। এর জন্য প্রয়োজন অগ্রাধিকার নির্ধারণ করা। আর এ কাজে সরকারি কর্মকর্তাদের দায়িত্ব বেশি। এ এলাকার জনগণ ও জনপ্রতিনিধিরা এক হয়ে উন্নয়ন কাজে সহযোগিতা করে বলে গত ৩০ বছর ধারাবাহিকভাবে মানুষের ভাগ্য পরিবর্তনে ইতিবাচক সফলতা অর্জিত হয়েছে। আল্লাহর রহমতে এই ধারা অব্যাহত থাকবে এবং মানুষের সম্মিলিত সমর্থন নিয়ে জীবনের শেষ দিন পর্যন্ত জনকল্যাণে নিজেদের ব্যাপৃত রাখতে চাই। আনোয়ার হোসেন মঞ্জু এমপি সকালে পূর্ব ভাণ্ডারিয়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অডিটরিয়ামের ভিত্তি প্রস্তর স্থাপন উপলক্ষে দোয়া ও মোনাজাতে অংশ নেন। এ সময় আরও শরিক হন উপজেলা চেয়ারম্যান আতিকুল ইসলাম তালুকদার উজ্জল, সাবেক উপজেলা চেয়ারম্যান মাহিবুল হোসেন মাহিম, আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ-কমিটির সহ-সম্পাদক মহিউদ্দিন মহারাজ, ভাণ্ডারিয়া উপজেলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিরাজুল ইসলাম, মহিলা ভাইস চেয়ারম্যান আসমা আক্তার, সদর ইউপি চেয়ারম্যান ও উপজেলা জেপি’র যুগ্ম আহ্বায়ক গোলাম সরওয়ার জোমাদ্দার, ধাওয়া ইউপি চেয়ারম্যান ও উপজেলা জেপি’র সদস্য সচিব সিদ্দিকুর রহমান টুলু, উপজেলা জেপি’র যুগ্ম আহ্বায়ক আবুল কালাম পোদ্দার প্রমুখ। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন দৈনিক ইত্তেফাক মসজিদের ইমাম মাওলানা আজিজুল হক মুন্সি।
 
পরিবেশ ও বন মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু উপজেলা পরিষদের উদ্যোগে পরিষদ চত্বরে উন্নয়ন মেলার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন। এ সময় ভাণ্ডারিয়ার ইউএনও মোঃ রুহুল কুদ্দুস ভাণ্ডারিয়া উপজেলায় বিভিন্ন বিভাগের উন্নয়ন কর্মকাণ্ড পাওয়ার পয়েন্টে উপস্থাপন করেন। এসময় আরও বক্তব্য রাখেন ভাণ্ডারিয়া উপজেলা চেয়ারম্যান আতিকুল ইসলাম তালুকদার উজ্জল, ভাইস চেয়ারম্যান মিরাজুল ইসলাম, সদর ইউপি চেয়ারম্যান গোলাম সরওয়ার জোমাদ্দার, গৌরীপুর ইউপি চেয়ারম্যান বদিউজ্জামান টিপুসহ সরকারি কর্মকর্তাবৃন্দ। এসময় উপস্থিত ছিলেন সাবেক উপজেলা চেয়ারম্যান মনিরুল হক মনি জোমাদ্দার, সাবেক উপজেলা চেয়ারম্যান মাহিবুল হোসেন মাহিম, মহিলা ভাইস চেয়ারম্যান আসমা আক্তার, ধাওয়া ইউপি চেয়ারম্যান সিদ্দিকুর রহমান টুলু প্রমুখ। পরিবেশ ও বন মন্ত্রী জেলেদের নিবন্ধন ও পরিচয়পত্র প্রদান প্রকল্পের আওতায় ভাণ্ডারিয়া উপজেলায় জেলেদের মাঝে পরিচয়পত্র বিতরণ করেন।
 
তিনি গতকাল ভাণ্ডারিয়া বন্দর রিজার্ভ পুকুর উন্নয়ন কাজ, বাজার উন্নয়ন কাজ পরিদর্শন, দক্ষিণ ভাণ্ডারিয়া সড়কের উদ্বোধন এবং দোয়া ও মোনাজাতে অংশগ্রহণ, উপজেলা পরিষদ পুকুরে মত্স্য অধিদপ্তরের উদ্যোগে মাছের পোনা অবমুক্তকরণসহ উপজেলার বিভিন্ন উন্নয়ন কাজ, ভিত্তিপ্রস্তর স্থাপন ও কাজের অগ্রগতি পরিদর্শন করেন। রাতে হরিণপালা ছোট হুজুরের মাজার সংলগ্ন পোনা নদীর উপর আরসিসি গার্ডার ব্রিজের উদ্বোধনী ও দোয়া-মোনাজাতে অংশ নেন। এরপর তিনি মরহুম ছোট হুজুরের মাজার শরীফ জেয়ারত করেন। পরে পরিবেশ ও বন মন্ত্রী কঁচা নদীর তীরে তেলিখালী ইউনিয়নের হরিণপালা রিভারভিউ ইকো পার্কের নির্মাণ কাজ পরিদর্শন করেন।
 

বন অধিদপ্তরের প্রকল্পভুক্ত ইকোপার্ক পরিদর্শনের সময় মন্ত্রীর সাথে পিরোজপুরের জেলা প্রশাসক এ কে এম শামিমুল হক ছিদ্দিকী, পুলিশ সুপার মোঃ ওয়ালিদ হোসেন, সুন্দরবনের  বিভাগীয় বন কর্মকর্তা (পূর্ব) সাইদুল ইসলাম, বাগেরহাটের বিভাগীয় বন কর্মকর্তা (সামাজিক বন বিভাগ) মোঃ হারুন অর রশীদ পাটোয়ারী, তেলিখালী ইউপি চেয়ারম্যান মোঃ শাহদাত হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।