কুমিল্লা-সিলেট মহাসড়কের মুরাদনগরে কোম্পানীগঞ্জ থেকে ৬০ কেজি গাজাসহ একটি ট্রাক জব্দ করেছে পুলিশ। বৃহস্পতিবার ভোরে ট্রাক থেকে সিমেন্টের বস্তাভর্তি গাজা জব্দ করা হয়। এ ঘটনায় ট্রাকের চালক ও হেলপারকে আটক করা হয়।
আটককৃতরা হলেন- কুমিল্লার লাকসাম উপজেলার বড়গ্রামের সোলমান মিয়ার ছেলে চালক রিপন (২১) ও একই গ্রামের মৃত আবুল খায়েরের ছেলে হেলপার জহির (২৮)।
পুলিশ সূত্রে জানা যায়, চট্টগ্রাম থেকে পুরাতন স্ক্র্যাপ বোঝাই ট্রাকে করে মাদকের একটি বড় চালান কুমিল্লার মুরাদনগর হয়ে ঢাকা যাচ্ছে- এমন সংবাদের ভিত্তিতে মুরাদনগর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমানের নেতৃত্বে একদল পুলিশ কুমিল্লা-সিলেট মহাসড়কের কোম্পানীগঞ্জ বাস ষ্টেশন এলাকায় অভিযান চালিয়ে চট্ট-মেট্রো-ট-১১-৪৬৬১ নাম্বারের ট্রাকটিতে তল্লাশি করে বস্তাভর্তি ৬০ কেজি গাজাসহ তাদের আটক করে।
মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা এ ব্যবসার সঙ্গে জড়িত মূল হোতার জেলার চৌদ্দগ্রাম উপজেলার সোয়াগাজি গ্রামের বাচ্চু মিয়ার ছেলে সুমনের (২৮) নাম প্রকাশ করেছে। ট্রাকটি থানায় আটক রাখা হয়েছে। আটককৃতদের রিরুদ্ধে মাদক দ্রব্য আইনে মামলা দায়ের করে জেলহাজতে পাঠানো হয়েছে।
