আগামী বছর রিও অলিম্পিকের ফুটবল ইভেন্টের দশটি ম্যাচ সাও পাওলোর করিন্থিয়াস এরিনাতে অনুষ্ঠিত হবে। এ সম্পর্কিত একটি চুক্তিতে স্বাক্ষর করেছে রিও ২০১৬ অলিম্পিক আয়োজক কমিটি।
গত বছর ফিফা বিশ্বকাপের সময় ৪৮ হাজার ধারণক্ষমতা সম্পন্ন এই করিন্থিয়াস এরিনা নির্মাণ করা হয়। এখানেই আগামী বছর অলিম্পিকের দুটি গ্রুপ পর্বের ম্যাচ ছাড়াও পুরুষ বিভাগের একটি করে কোয়ার্টার ফাইনাল ও সেমিফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে। এছাড়া মহিলা বিভাগে চারটি গ্রুপ ম্যাচ, একটি কোয়ার্টার ফাইনাল ও ব্রোঞ্জ পদক নির্ধারনী ম্যাচটি সাও পাওলোতে অনুষ্ঠিত হবে।
এ সম্পর্কে রিও ২০১৬ আয়োজক কমিটির প্রধান কার্লোস নুজমান বলেছেন, রিও ২০১৬ পুরো ব্রাজিলের জন্যই একটি ঐতিহাসিক আয়োজন। আমরা পুরো দেশকেই এর সাথে সম্পৃক্ত করতে চেয়েছি। এই অত্যাধুনিক স্টেডিয়াম নিয়ে আমরা গর্বিত। এখানে অলিম্পিকের গুরুত্বপূর্ন ম্যাচ আয়োজনের সিদ্ধান্ত হওয়ায় আমরা দারুন খুশী। সাও পাওলো ছাড়া অলিম্পিক ফুটবলের জন্য সালভাদোর, বেলো হরিজন্তে, ব্রাসিলিয়া, মানাওস ও রিওকে ভেন্যু হিসেবে নির্ধারণ করা হয়েছে। বাসস
