গাজীপুরের কালীগঞ্জে শীতলক্ষ্যা নদীতে ডুবে জাহিদ (৬) নামের এক শিশুর মৃত্যুর খবর পাওয়া গেছে। বৃহস্পতিবার দুপুর ২টায় পৌর এলাকার দড়িসোম গ্রাম সংলগ্ন শীতলক্ষ্যা নদীর ঘাটে এ ঘটনা ঘটে। সে পৌরসভার ৪নং ওয়ার্ড দড়িসোম গ্রামের মো. লোকমান হোসেনের ছেলে। তারা বাবা স্থানীয় প্রাণ-আরএফএল কারখানায় কাজ করেন। দুই ভাই এক বোনের মধ্যে সে দ্বিতীয়।
স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বেলা ১১টায় শীতলক্ষ্যা নদীর ওই ঘাটে বাবা লোকমানের সঙ্গে গোসল করতে যায়। পরে কোনো এক সময় নদীতে সে ডুবে যায়। বাবার ধারণা, গোসল শেষে জাহিদ বাড়ি ফিরে গেছে। পরে বাড়ি গিয়ে তাকে খুঁজে না পেয়ে দুপুর ২টায় স্থানীয়রা ওই নদীর ঘাটে খোঁজাখুঁজি শুরু করেন। এক পর্যায়ে তাকে পাওয়া গেলে কালীগঞ্জ উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক জাহিদকে মৃত ঘোষণা করেন।
