সিংড়ায় যাত্রীবাহী বাস উল্টে খাদে, নারী-শিশুসহ আহত ২৭

আপডেট : ০১ অক্টোবর ২০১৫, ১৭:০৫
 
নাটোরের সিংড়ায় আগমনী পরিবহনের একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে খাদে পড়ে নারী-শিশুসহ ২৭ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে নাটোর-বগুড়া মহাসড়কের চৌগ্রাম বাজার সংলগ্ন লালঘর নামক স্থানে এ ঘটনা ঘটে। স্থানীয় জনতা ও দমকলকর্মীদের সহযোগিতায় আহতদের সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সহ নাটোর ও বগুড়া বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
 
জানা গেছে, বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে আগমনী পরিবহনের একটি যাত্রীবাহী বাস বগুড়া থেকে নাটোরের উদ্দ্যেশ্যে যাচ্ছিল। এ সময় চৌগ্রাম বাজার সংলগ্ন লালঘর নামক স্থানে অপর একটি নাটোরগামী গাড়ীকে অতিক্রম করার সময় বাসটি নিয়ন্ত্রন হারিয়ে উল্টে খাদে পড়ে যায়। এ ঘটনায় অন্তত ২৭ জন আহত হয়েছে। আহতরা হলেন, সিংড়া উপজেলার জোড়মল্লিকা গ্রামের মকছেদ (৫৫), হিজলী গ্রামের মামুনের স্ত্রী রুবিনা (২৫), ইটালি গ্রামের নওসের এর মেয়ে নাসিমা (২৪), পৌর শহরের পেট্টোবাংলা মহল্লার সালামের ছেলে শাহিন, নিংগইনের আরিফুল ইসলামের স্ত্রী তাসলিমা (২৬), বেলগাড়ী গ্রামে সুধান্য সরকারের ছেলে সুজন কুমার সরকার, দিনাজপুরের ঘোড়াঘাটি গ্রামের গোলাম মোস্তাফার ছেলে আল আমিন (২০), কৈগ্রামের খাদের আকন্দের ছেলে মোজাফফর (৫০), হিজলী গ্রামের মুছাদ্দিকা (১৪), মোস্তাকিন (১২), বামিহালের দূর্গাপুরের মজিবুর রহমানের ছেলে মিলন (১৮), নাজিরপুরের খলিলের ছেলে নজরুল (২৫), শাহজাদপুরের নরিনা গ্রামের আফজাল হকের ছেলে মানিক পাগল, বগুড়ার নন্দীগ্রামের ইউনুসের স্ত্রী রুখসানা (২৫), মেয়ে রাহী (১), রিপা (১২), বনপাড়ার পপি (২৬) সহ ২৭জন। স্থানীয় জনতা ও নাটোর দমকলকর্মীদের সহযোগিতায় আহতদের সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
 
কর্তব্যরত চিকিৎসক সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. মুরাদ হোসেন জানান, উন্নত চিকিৎসার জন্য আহতদের ৫ জনকে আশঙ্কাজনক অবস্থায় নাটোর আধুনিক সদর হাসপাতাল ও রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। এ সময় সিংড়া উপজেলা শিল্প ও বণিক সমিতির সাধারণ সম্পাদক জান্নাতুল ফেরদৌস আহতদের খোঁজ খবর নেন ও তার ব্যক্তিগত তহবিল থেকে ঔষধ সরবরাহ করেন।
 
সিংড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) নাসির উদ্দিন মন্ডল ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার ও হাসপাতালে প্রেরণের জন্য সহযোগিতা করে।