টেকনাফে ইমিগ্রেশন শ্রমিকদের অনির্দিষ্টকালের ধর্মঘট

আপডেট : ০১ অক্টোবর ২০১৫, ১৮:২৭
কক্সবাজারের টেকনাফ স্থল বন্দরের ইমিগ্রেশন বিভাগের শ্রমিকরা অনির্দিষ্টকালের ধর্মঘটের ডাক দিয়েছে। মিয়ানমারের বর্ডার গার্ড পুলিশের নির্যাতনের প্রতিবাদে বৃহস্পতিবার সকাল থেকে এ ধর্মঘটের ডাক দেয়া হয়। এ কারণে সকাল থেকে বাংলাদেশ-মিয়ানমারে ব্যবসায়ীদের আসা যাওয়া বন্ধ রয়েছে।
 
টেকনাফ বোট মালিক সমবায় সমিতির আহ্বায়ক আবদুল করিম জানান, প্রতিদিন বৈধ কাগজ-পত্র নিয়ে টেকনাফ থেকে মিয়ানমারের মংডু শহরের ব্যবসায়ীদের আনা-নেয়ার কাজ করে থাকে শ্রমিকরা। তারা ট্রলার দিয়ে মিয়ানমারে গেলে দেশটির বর্ডার গার্ড পুলিশের সদস্যরা ট্রলারের মাঝি-মাল্লাদের নির্যাতন ও মারধরসহ নানাভাবে হয়রানি করে থাকে। সর্বশেষ মঙ্গলবার মংডু ঘাটে মিয়ানমার বর্ডার গার্ড পুলিশের সদস্যরা মাঝি-মাল্লাদের মারধর করে। এ ঘটনায় আহত শ্রমিক মোহাম্মদ ইসমাইল (৩৫) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। ইসমাইল টেকনাফের বরইতলী এলাকার মোহাম্মদ আলমের ছেলে।
 
বিজিবির টেকনাফস্থ ৪২ ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর আবদুল হান্নান খান জানান, বিষয়টি তিনিও শুনেছেন। বিষয়টি সমাধানের জন্য কাজ করা হচ্ছে।