২০১৫ সালের বাকি সময়ে আর কোর্টে নামবেন না বিশ্বের এক নম্বর খেলোয়াড় যুক্তরাষ্ট্রের সেরেনা উইলিয়ামস। আগামী বছরের আগে শারীরিকভাবে পুরোপুরি ফিট হতেই এমন সিদ্বান্ত তার। ইতোমধ্যে চলমান উহান ও আগামী সপ্তাহের চায়না ওপেন টেনিস থেকে নাম প্রত্যাহার করে নিয়েছেন সেরেনার।
উহান ওপেনে খেলার কথা ছিলো সেরেনার। কিন্তু হঠাৎ করেই চলমান টুর্নামেন্ট থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন তিনি। শুধুমাত্র উহান থেকেই নয়, আগামী সপ্তাহ থেকে শুরু হওয়া চায়না ওপেন থেকেও নিজের নাম প্রত্যাহার করে নিয়েছেন সেরেনা।
কারণ হিসেবে সেরেনা বলেন, 'শারীরিকভাবে পুরোপুরি ফিট হতেই উহান ও চায়না ওপেন থেকে নিজেকে সরিয়ে নিয়েছি আমি। কিছু কিছু ইনজুরি আছে। বছরের বাকি সময়ে সেগুলো নিয়েই কাজ করতে চাই। আগামী বছরের আগে পুরোপুরি সুস্থ হতে চাই। যাতে নতুন বছরে পুরোপুরি সুস্থ হয়ে কোর্টে নামতে পারবো। এতে কোন সন্দেহ নেই, বেশিরভাগ বছরই আমি ইনজুরি নিয়ে খেলেছি। আমার কনুঁই, হাঁটু বা কোথাও না কোথাও ইনজুুরি ছিলোই। তাই সেইসব সমস্যাগুলো ঠিক করতে চাইছি।'
চলতি বছর প্রথম তিনটি গ্র্যান্ড স্ল্যামই জিতেছেন সেরেনা। বছরের শেষ গ্র্যান্ড ইউএস ওপেন জয়ের সুর্বন সুযোগও তার ছিলো। কিন্তু ইতালির রর্বাতা ভিঞ্চির কাছে হেরে সেমিফাইনাল থেকেই বিদায় নেন সেরেনা। ফলে রেকর্ড বইয়ে নাম লেখা হলো না তার। তবে এটি নিয়ে মোটেও আফসোস করছেন না সেরেনা। তিনি বলেন, 'রেকর্ডের জন্য খেলি না। আমার লক্ষ্য থাকে অনেক বেশি শিরোপা জয় করা। লক্ষ্য পূরণ হলেই আমি খুশি হই। আশা করছি, আগামী বছর সবগুলো গ্র্যান্ড স্ল্যামই জিততে পারবো।' বাসস।
