চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার ধাইনগর ইউনিয়নে ঘোড়াদৌঁড় প্রতিযোগিতাকে কেন্দ্র করে আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষে একজনের মৃত্যু হয়েছে। মৃত. নজরুল ইসলাম (৬০) ধাইনগর ইউনিয়নের নাক্কাটীতলা পীরগাছি গ্রামের মৃত জুলহাস মন্ডলের ছেলে।
ধাইনগর ইউনিয়নের চেয়ারম্যান হুমায়ন কবীর জানান, বুধবার নাক্কাটীতলায় ঘোড়াদৌঁড় প্রতিযোগিতা আয়োজন করা হয়। প্রতিযোগিতার মাঠ থেকে অতিরিক্ত লোকজনকে কমিটির লোকজন বের করে দেয়ার চেষ্টা করে। এ সময় তাদের সঙ্গে কমিটির লোকজনের বাক্বিতণ্ডা হয় ও এক পর্যায়ে হাতাহাতির ঘটনা ঘটে। এতে প্রতিযোগিতা বন্ধ হয়ে যায়।
এ নিয়ে স্থানীয় আওয়ামী লীগ নেতা আবু বাক্কার ও ধাইনগর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা তাবারিয়া চৌধুরীর লোকজনের মধ্যে বৃহস্পতিবার সন্ধা সাড়ে ছয়টার দিকে সংঘর্ষ বাধে। এ সময় এক পক্ষ অপর পক্ষের লোকজনকে লক্ষ্য করে ককটেল নিক্ষেপ করে। এতে একটি চায়ের দোকানের সামনে ককটেলের বিস্ফোরণ ঘটলে নজরুল অজ্ঞান হয়ে যান। তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ময়নুল ইসলাম জানান, আতঙ্কে নজরুলের মৃত্যু হয়েছে। এলাকা পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।
