কালিহাতীতে সভা-সমাবেশ নিষিদ্ধ

আপডেট : ০১ অক্টোবর ২০১৫, ২৩:৪৪

টাঙ্গাইলের কালিহাতী উপজেলা সদরে সংঘর্ষ ও রক্তপাতের আশঙ্কায় শুক্রবার সকাল ১০ টা থেকে সন্ধ্যা ৬ টা পর্যন্ত সব ধরনের সভা-সমাবেশ, মিটিং-মিছিল নিষিদ্ধ করেছে জেলা প্রশাসন। একই স্থানে একই সময় কৃষক শ্রমিক জনতালীগ ও উপজেলা আওয়ামীলীগ জনসভা আহ্বান করায় ১৪৪ ধারা জারি করা হয়েছে।

 
বৃহস্পতিবার  রাত ৮টার  দিকে টাঙ্গাইলের জেলা প্রশাসক মো. মাহবুব হোসেন স্বাক্ষরিত নির্দেশনায় বলা হয়, বিবাদমান দুটি রাজনৈতিক দলের পক্ষ থেকে একই সময় একই স্থানে জনসভা আহ্বান করায় সংঘর্ষ-সংঘাতের সম্ভাবনা দেখা দিয়েছে। সেজন্য জনস্বার্থে কালিহাতী উপজেলা সদরের হাই স্কুল, শহীদ শফি সিদ্দিকী চত্ত্বর, বাসস্ট্যান্ড, কলেজ মাঠ, হামিদপুর বাসস্ট্যান্ড, উত্তর বেতডোবা গার্লস স্কুল, সাতুটিয়া সরকারি প্রাইমারি স্কুল ও এর আশপাশের এলাকায় ১৪৪ ধারা জারি করা হলো।
 
এ লক্ষ্যে বৃহস্পতিবার রাত ৮ টা থেকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে মাইকিং করে প্রচারণা চালানো হয়।
 
উল্লেখ্য, আসন্ন উপ-নির্বাচন উপলক্ষে কৃষক শ্রমিক জনতালীগের পক্ষ থেকে কালিহাতী আরএস পাইলট হাইস্কুল মাঠে শুক্রবার দুপুর ২ টায় জনসভার ঘোষণা করে গত রোববার থেকে প্রচারণা চালানো হয়।
গত বুধবার (৩০ সেপ্টেম্বর) উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে আয়োজিত শান্তি সমাবেশ ও মিছিল থেকে কালিহাতী আরএস পাইলট হাইস্কুল মাঠে দুপুর ২ টায় জনসভা করার ঘোষণা দেয়া হয়।
 

উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান মোজহারুল ইসলাম তালুকদার এ ঘোষণা দেন। এর পর থেকে একই স্থানে দুটি দলের জনসভা আহ্বানকে ঘিরে শহরে উত্তেজনা ছড়িয়ে পড়ে।