ইলিশ ধরায় চট্টগ্রামে ১৮০ জেলে আটক

আপডেট : ০২ অক্টোবর ২০১৫, ১০:১৪
চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে অভিযান চালিয়ে প্রায় ৬০ মণ ইলিশ মাছসহ ১৮০ জেলেকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার সকাল পর্যন্ত এই অভিযান চালায় কোস্টগার্ড। 
 
কোস্টগার্ডের পক্ষ থেকে জানানো হয়েছে, অভিযানের সময় ১২টি কাঠের নৌকা জব্দ করা হয়। প্রতিটি নৌকায় চার/পাঁচ মণ করে ইলিশ পাওয়া গেছে। 
 
কোস্টগার্ড পূর্ব জোনের অপারেশন অফিসার এম দুরুল হুদা জানান, ২৫ সেপ্টেম্বর থেকে ৯ অক্টোবর পর্যন্ত ১৫ দিন ইলিশের প্রজনন মৌসুম। এসময় প্রতিবছর লক্ষ্মীপুরের রামগতি থেকে চাঁদপুরের ষাটনল পর্যন্ত মেঘনা নদীর প্রায় একশ’ কিলোমিটার এলাকায় মাছধরা নিষিদ্ধ। ডিমওয়ালা ইলিশ সংরক্ষণের লক্ষ্যে সরকার এ নিষেধাজ্ঞা জারি করে। 
 
এসময় ইলিশ ক্রয়-বিক্রয়, সংরক্ষণ, পরিবহন, বাজারজাতকরণ ও মজুদ নিষিদ্ধ। নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার করায় ওই ১৮০ জেলেকে আটক করা হয়েছে।