সাতক্ষীরায় বাস-ট্রাক সংঘর্ষ, আহত ৩০

আপডেট : ০২ অক্টোবর ২০১৫, ১৬:০৬
সাতক্ষীরার ছয়ঘরিয়া মোড়ে যাত্রীবাহী বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে কমপক্ষে ৩০ জন আহত হয়েছেন। শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে সাতক্ষীরা-যশোর মহাসড়কের ছয়ঘরিয়া মোড়ে এ ঘটনা ঘটে। 
 
প্রত্যক্ষদর্শীরা জানায়, সাতক্ষীরা থেকে যশোরগামী একটি যাত্রীবাহী বাস ছয়ঘরিয়া এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাসটি পাশের গর্তে ছিটকে পড়ে। এ ঘটনায় বাসের কমপক্ষে ৩০ যাত্রী আহত হয়েছেন। আহতদের মধ্যে আশংকাজনক অবস্থায় পাঁচজনকে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে খুলনা জেলার পাইকগাছা উপজেলার আব্দুস সামাদ ও কলারোয়া উপজেলার পলাশ ছাড়া আর কারোর পরিচয় তাৎক্ষণিক জানা যায়নি। 
 
সাতক্ষীরার অতিরিক্ত পুলিশ সুপার মীর মোদাচ্ছের হোসেন ঘটনাস্থল পরিদর্শন করে জানান, দুর্ঘটনা কবলিত বাসটি ক্রেন দিয়ে উঠানো হয়েছে। আহতদের কয়েকজনকে হাসপাতালে পাঠানো হয়েছে। বাকিরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।