যেদিকে চোখ যায়, শুধুই চড়ুই

আপডেট : ০২ অক্টোবর ২০১৫, ১৮:০২
 
চড়ুই পাখির কিঁচির মিচির ডাকাডাকি মাতিয়ে রেখেছে ফুলপুর পৌর শহরের নাগরিকদের। বিকেলে পৌর শহরের সড়কের দুই পাশের কাঁঠাল, আম ও কড়ই গাছে চড়ুই পাখি বসতির নিত্যদিনের দৃশ্য এটি। নিজ চোখে না দেখলে বিশ্বাস করাই দায়? পাঁচশ নয়; হাজার নয়; যেন লাখ ছাড়িয়ে, যে দিকে চোখ যায় শুধু চড়ুই আর চড়ুই। উড়ন্ত ও গাছে বসা চড়ুইয়ের কলরব ও কল-কাকলিতে গ্রিন রোড মোড় থেকে হাসপাতালের সীমানা প্রাচীর পর্যন্ত বিকেলের চলন্ত পথিকও যেন থমকে দাঁড়ায়। পথিকরা গাছে গাছে তাকিয়ে চড়ুই পাখির মিলন মেলা  পর্যবেক্ষণ করেন।
 
বাসস্ট্যান্ডের কয়েকজন মুরব্বি জানান, গত ৪/৫ বছর যাবত্ জুন/জুলাই মাসে ঝাঁকে ঝাঁকে চড়ুই পাখি এখানে আসে। শীতের প্রাক্কালেই আবার নিরুদ্দেশ হয় তারা। ৩/৪ মাস এখানেই অবস্থান করে। বাকি সময় কোথায় অবস্থান করে তা রহস্যাবৃত। প্রতি বছর কোথা থেকে অসংখ্য চড়ুই পাখি এখানে এসে নির্দিষ্ট সময়ের পর আবার চলে যায় তা কেউ বলতে পারে না।