নাটোরের গুরুদাসপুর উপজেলার মশিন্দা ইউনিয়নের শিকারপুরে বৃহস্পতিবার রাতে দিপা খাতুন (১৪) নামে এক স্কুল ছাত্রীকে জবাই করে হত্যা করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
শুক্রবার দুপুর দুইটার দিকে ঘটনাস্থল থেকে পুলিশ তার লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে। রির্পোট লেখা পর্যন্ত মামলার প্রস্তুতি চলছিল।
বামনকোলা মহল্লার বাসিন্দা দুলাল প্রামাণিকের বড় মেয়ে নিহত দিপা চাঁচকৈড় নাজিম উদ্দিন উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী ছিল।
নিহতের মা আরিফা বেগম বলেন, প্রায় তিন মাস ধরে এলাকার বখাটে স্বপন (২২) তার মেয়ের পিছু নেয়। সে দীর্ঘদিন ধরে দিপাকে প্রেমের প্রস্তাব দিয়ে আসছিল। মাঝে মাঝে স্কুলে গিয়ে দিপাকে উত্যক্ত করত। সর্বশেষ বৃহস্পতিবার মধ্য রাত থেকে নিখোঁজ হয় সে।
তার অভিযোগ, বখাটে স্বপন ও তার সহপাঠীরাই দিপাকে জবাই করে হত্যা করেছে। তিনি হত্যাকারীদের বিচার দাবি করেন।
গুরুদাসপুর থানরা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইব্রাহীম হোসেন জানান, সুরতহাল রিপোর্টে ধর্ষণের আলামত পাওয়া যায়নি। মামলার প্রস্তুতি চলছে। মামলার পর প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
