সিরিয়ায় বিদ্রোহীদের ওপর রাশিয়ার বিমান হামলার নিয়ে ফ্রান্স উদ্বেগ প্রকাশ করেছে। খবর আলজাজিরা, বিবিসি ও রয়টার্সের।
রাশিয়ার বিমান হামলার সুযোগে আসাদের অনুগত বাহিনীর সঙ্গে স্থল অভিযানে অংশ নিতে যাচ্ছে ইরানি সেনাবাহিনী এবং লেবাননের হিজবুল্লাহ যোদ্ধারা। এ ছাড়া, ইরাক ও আফগানিস্তানের শিয়াপন্থী যোদ্ধারাও সরকারি বাহিনীর পাশাপাশি লড়বে বলে বিভিন্ন সূত্রের বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো জানিয়েছে।
বার্তা সংস্থা রয়টার্স বলেছে, বৃহস্পতিবার দ্বিতীয় দিনের মতো বিদ্রোহীদের ওপর বিমান হামলা চালিয়েছে রাশিয়া।
লেবাননভিত্তিক আল-মায়াদিন টেলিভিশন জানিয়েছে—বৃহস্পতিবার সিরিয়ার কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ ইদলিব ও হামা প্রদেশে বিমান হামলা চালায় রাশিয়া।
সিরিয়ার রাশিয়ার ভূমিকা নিয়ে ফ্রান্স উদ্বেগ প্রকাশ করেছে। বিষয়টি নিয়ে শুক্রবার ফরাসী প্রেসিডেন্ট ফ্রাসোয়া ওঁলাদ এবং রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বৈঠক করার কথা।
ফ্রান্সের পক্ষ থেকে বলা হয়েছে, আইএসের বিরুদ্ধে হামলার কথা বলে রাশিয়া আসাদ-বিরোধী বিভিন্ন গ্রুপের ওপর হামলা চালাচ্ছে।
তবে রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেছেন, যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন জোট বাহিনীর মতো একই সন্ত্রাসী গ্রুপগুলোর ওপরই রাশিয়া হামলা চালাচ্ছে।
