রাজধানীতে ৫৫ কেজি রুপাসহ গ্রেফতার ২

আপডেট : ০২ অক্টোবর ২০১৫, ১৯:২৭
 
রাজধানীতে ৫৫ কেজি রূপাসহ দুইজন গ্রেফতার হয়েছে। শুক্রবার ভোররাতে মিরপুর এলাকায় একটি মাইক্রোবাস তল্লাশিকালে পুলিশ এই রুপা জব্দ করে। গ্রেফতারকৃতরা হলেন—নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জের বাসিন্দা ইব্রাহিম ও আনোয়ার হোসেন। এ ঘটনায় মিরপুর থানায় পুলিশ বাদি হয়ে মামলা করেছে।
 
মামলার তদন্ত কর্মকর্তা মিরপুর থানার সাব-ইন্সপেক্টর পলাশ হোসেন জানান, ভোররাত ৪টার দিকে মিরপুর টেকনিক্যাল মোড়ে পুলিশ চেপপোস্ট বসিয়ে তল্লাশি করছিল। এ সময় ওই মাইক্রোবাস তল্লাশি করে এ রুপা উদ্ধার করা হয়। এর আনুমানিক মূল্য ৪৩ লাখ টাকা।
 
তিনি আরো জানান—পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা একেক ধরনের তথ্য দিচ্ছে। তবে ধারণা করা হচ্ছে—উদ্ধার হওয়া রুপা ভারত থেকে বাংলাদেশে আনা হয়েছে। গ্রেফতারকৃতদের অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য শনিবার রিমান্ডের আবেদন জানিয়ে আদালতে পাঠানো হবে।