বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ২৬ দশমিক ৩৮ বিলিয়ন ডলার

আপডেট : ০২ অক্টোবর ২০১৫, ২০:৩৭

বৈদেশিক মুদ্রার রিজার্ভ সেপ্টেম্বরের শেষ নাগাদ সর্বোচ্চ ২৬ দশমিক ৩৮ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে। ঈদুল আযহার আগে দেশে সর্বোচ্চ রেমিটেন্স প্রবাহে এই রিজার্ভ বৃদ্ধি পেয়েছে।

বাংলাদেশ ব্যাংক বৃহস্পতিবার জানায়, বৈদেশিক মুদ্রার রিজার্ভ ২০১৪ সালের সেপ্টেম্বরে ছিল ২১৮৩৬ দশমিক ৬৬ মিলিয়ন (২১ দশমিক ৮৪ বিলিয়ন) ডলার। ২০১৫ সালের ৩০ সেপ্টেম্বর বেড়ে হয়েছে ২৬৩৭৯ দশমিক ০৪ মিলিয়ন (প্রায় ২৬ দশমিক ৩৮ বিলিয়ন) ডলার। এক বছরে রিজার্ভ বৃদ্ধি পেয়েছে ৪৫৪২ দশমিক ৩৮ মিলিয়ন (৪ দশমিক ৫৪ বিলিয়ন ডলার) ডলার অথবা ১৭ দশমিক ০ শতাংশ।

বাংলাদেশ ব্যাংক বলেছে, সার্ক অঞ্চলের দেশগুলোর মধ্যে বাংলাদেশের বর্তমান রিজার্ভ দ্বিতীয় সর্বোচ্চ অবস্থানে রয়েছে। কেন্দ্রীয় ব্যাংকের হিসাবে সেপ্টেম্বরে রেমিটেন্স ব্যাপক বৃদ্ধি পেয়েছে। প্রবাসী বাংলাদেশীদের পাঠানো রেমিটেন্স আগস্টের চেয়ে সেপ্টেম্বরে ২ দশমিক ৬৪ শতাংশ বেশি এসেছে। ২৫ সেপ্টেম্বর পর্যন্ত পাঠানো রেমিটেন্সের পরিমাণ ছিল ১ দশমিক ২২ বিলিয়ন ডলার, আগস্টে পাঠানো রেমিটেন্সের পরিমাণ ছিল ১ দশমিক ১৯ বিলিয়ন ডলার।

জুলাইয়ের চেয়ে আগস্টে রেমিটেন্স প্রবাহ কম ছিল। জুলাইয়ে রেমিটেন্স এসেছে ১ দশমিক ৩৮ বিলিয়ন ডলার। তবে সেপ্টেম্বরে রেমিটেন্স প্রবাহ বৃদ্ধি পায়। আগস্টে রফতানি প্রায় ২৮ শতাংশ বেড়ে ২ দশমিক ৭৫ বিলিয়ন ডলার দাঁড়িয়েছে, তবে আমদানি ছিল নিন্মমুখী।