লক্ষ্মীপুরের কমলনগর উপজেলায় বিএনপির সম্মেলনে ছাত্রলীগ ও যুবলীগের হামলায় যুবদল ও ছাত্রদলের কমপক্ষে ১০ নেতা-কর্মী আহত হয়েছেন। এ সময় কয়েকটি মোটরসাইকেল ও প্রাইভেট-কার ভাঙচুর করা হয়েছে। শুক্রবার বিকেলে কমলনগর ও রামগতি আসনের সাবেক এমপি আশরাফ উদ্দিন নিজানের বাসায় চর ফলকন ইউনিয়ন বিএনপির সম্মেলন চলাকালে এ হামলার ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতাল ও কমলনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়েছে। আহতরা হলেন, আবু তাহের, দোলন, আলমগীর, মো. জাহাঙ্গীর, সুমন হোসেনসহ ১০-১২ নেতা-কর্মী।
জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক অ্যাড. হাসিবুর রহমান হাসিব জানান, শুক্রবার বিকেলে বিএনপির সাবেক সংসদ সদস্য আশরাফ উদ্দিন নিজানের বাসায় উপজেলার চর ফলকনে বিএনপির সম্মেলন চলাকালে উপজেলা ছাত্রলীগ নেতা সুমন, সাগর ও মান্নানের নেতৃত্বে সরকার দলীয় নেতা-কর্মীরা বিএনপির শান্তিপূর্ণ সম্মেলনে হামলা চালায়। এতে ছাত্রদল ও যুবদলের ১০-১২ নেতা-কর্মী গুরুতর আহত হন। এ সময় জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাহাবুদ্দিন সাবু ও আমার প্রাইভেট কারসহ ১০-১২টি মোটরসাইকেল ভাঙচুর করা হয়।
এ ঘটনার প্রতিবাদে রাত আটটায় লক্ষ্মীপুর শহরের উত্তর তেমুহনীতে জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাহাবুদ্দিন সাবু বাস ভবনে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাহাবুদ্দিন সাবু লিখিত বক্তব্যে বলেন, স্থানীয় প্রশাসনের অনুমতি নিয়ে শান্তিপূর্ণ সম্মেলন করছিলেন নেতা-কর্মীরা, কিন্তু তারপরও সরকার দলীয় নেতা-কর্মীরা এ সম্মেলনে হামলা চালায়। এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে শান্তিপূর্ণ সম্মেলনে হামলাকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা ও বিচার দাবি করা হয়। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাড. হারুনুর রশিদ বেপারী, নিজাম উদ্দিন ভূঁঞা, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক অ্যাড. হাসিবুর রহমান হাসিব ও অ্যাড. আহমদ ফেরদৌস মানিক প্রমুখ।
