ঢাকা-সিলেট মহাসড়কে হবিগঞ্জের নবীগঞ্জে বাস ও ট্রাকের সংঘর্ষে ৩ জন নিহত হয়েছেন। দুর্ঘটনায় আহত হন আরও অন্তত ২০ জন। হতাহতদের সকলেই বাস যাত্রী ছিলেন। তবে এখন পর্যন্ত নিহতদের কারও পরিচয় জানা যায়নি।
শুক্রবার রাত সাড়ে ৯টায় ওই উপজেলার জালালপুর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় আহতদের উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
শেরপুর হাইওয়ে থানার ওসি মোহাম্মদ নূরুন্নবী জানান, ঢাকা থেকে সিলেটগামী হানিফ পরিবহনের একটি বাস (ঢাকা মেট্রো ব-৮৩১৯) শুক্রবার রাত সাড়ে ৯টায় ওই স্থানে পৌছলে রাস্তার পাশে দন্ডায়মান পাথর বোঝাই একটি ট্রাককে (ঢাকা মেট্রো ট-১৬-২৮৫০) পেছন থেকে ধাক্কা দেয়। এতে বাসটি দুমড়ে মুচড়ে যায়। দুর্ঘটনায় বাসের ৩ আরোহী ঘটনাস্থলেই মারা যান। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছে পুলিশ। দুর্ঘটনাকবলিত বাস ও ট্রাকটি উদ্ধারে কাজ করছে পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা।
