নান্দাইলে ছাত্রলীগ কর্মী খুন

আপডেট : ০৩ অক্টোবর ২০১৫, ১৩:০৬
ময়মনসিংহের নান্দাইলে আশরাফুল ইসলাম ভূঁইয়া ফরিদ (২০) নামে এক ফাজিল পরীক্ষার্থী ও ইউনিয়ন ছাত্রলীগ কর্মী সন্ত্রাসী হামলায় নিহত হয়েছেন। শুক্রবার রাতে আচারগাঁও ইউনিয়নের ঝাউগড়া ট্রলার কুড়েরপাড় এলাকায় এ ঘটনা ঘটে।
 
স্থানীয় ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম ভূঁইয়া মাসুদ ও ইউনিয়ন যুবলীগ নেতা আবুল কালাম নিজেদের মধ্যে আধিপত্য ও প্রভাব বিস্তারকে কেন্দ্র করে অস্ত্রশস্ত্র নিয়ে এক সংঘর্ষে জড়িয়ে পড়েন। এ সময় মাসুদের ভাই মাদ্রাসা ছাত্র আশরাফুল ইসলাম ভূঁইয়া ফরিদ (২০), বড় ভাই আজহারুল ইসলাম ভূঁইয়া সুরুজ (৫২) ও রফিকুল ইসলাম (৩২) এবং প্রতিপক্ষ কালামের ছোট ভাই আনোয়ার হোসেন (৩৫) গুরুতর আহত হয়। আহতদের মধ্যে ফরিদ ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার দিবাগত  রাত ৩ টায় মারা যান। এ ঘটনার পর থেকে এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। 
 
এলাকাবাসী জানায়, স্থানীয় উদলা বাজারের ইজারা নিয়ে বিরোধ ও স্থানীয় একটি বিয়ে অনুষ্ঠানে আবুল কালাম দাওয়াত না পাওয়ায় শুক্রবার বিকালে শফিকুল ইসলাম ভূঁইয়া মাসুদ ও আবুল কালামের মধ্যে ঝগড়া হয়। এর জের ধরে রাত ১০ টার দিকে ট্রলার কুড়েরপাড় রক্তক্ষয়ী সংর্ঘের সূত্রপাত হয়।
 
প্রত্যক্ষদর্শীরা জানান, ফরিদ মামার বাড়ি থেকে নিজ বাড়ি ফেরার পথে প্রতিপক্ষের লোকজন তাকে পেয়ে ধারালো অস্ত্র দিয়ে মাথায় আঘাত করে মারাত্মকভাবে জখম করে। তাকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। সেখানে তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
  
স্থানীয় আচারগাঁও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রফিকুল ইসলাম রেনু  ফরিদ হত্যাকারীদের দৃষ্টান্তমূলক বিচারের দাবি করেন।  
 
নান্দাইল মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আতাউর রহমান বলেন, 'পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে। কোনো অভিযোগ পাইনি। তবে অভিযান অব্যাহত রয়েছে।'