ইংল্যান্ড দলে রুনির অবস্থান স্থায়ী নয় : হজসন

আপডেট : ০৩ অক্টোবর ২০১৫, ১৫:১৯

অধিনায়ক ওয়েইন রুনিকে সতর্ক করে দিয়ে ইংল্যান্ডের কোচ রয় হজসন বলেছেন এখানে কারো অবস্থানই স্থায়ী নয়। একইসাথে তিনি বলেছেন দলে টিকে থাকতে হলে তারকা এই স্ট্রাইকারকে অন্যদের মত সবসময়ই লড়াই চালিয়ে যেতে হবে।


সম্প্রতি ইংল্যান্ডের হয়ে সর্বকালের সর্বোচ্চ গোলদাতার কৃতিত্ব অর্জন করেছেন রুনি। কিন্তু ইংলিশ ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে তার সাম্প্রতীক ফর্ম মোটেই ভাল নয়। এখন পর্যন্ত সাত ম্যাচে তিনি মাত্র একটি গোল করেছেন। রুনিকে দল থেকে বাদ দেবার বিষয়টি কখনো চিন্তা করেছেন কিনা এমন প্রশ্নের উত্তরে ইংলিশ ম্যানেজার বলেছেন, এই মুহূর্তে সেরকম কোন কিছু ঘটেনি। সৌভাগ্যবশত সেই দিন আমার সামনে আসবে না, সে সবসময়ই ভাল খেলার চেষ্টা করে এবং নিজের মেধা দিয়েই দলে নিজেকে টিকিয়ে রাখে। আমরা নিজেদের মধ্যে প্রায়ই এসব নিয়ে আলোচনা করি। কিন্তু মনে রাখতে হবে জাতীয় দলে কোন খেলোয়াড়েরই অবস্থান স্থায়ী নয়। আমি ফুটবলে দীর্ঘ সময় ধরে আছি, রুনিও তাই। আমি যদি তাকে বলি যে তোমার স্থানের গ্যারান্টি আছে তাহলে সেটা তার কাছে অবশ্যই মিথ্যা বলা হবে, সেও সেটা জানে। বাসস