রামগতিতে ২২ জেলের দণ্ড

আপডেট : ০৩ অক্টোবর ২০১৫, ১৫:২৯
ইলিশের প্রজনন মৌসুমে নিষেধাজ্ঞা অমান্য করে মেঘনা নদীতে ডিমওয়ালা মা ইলিশ ধরার অভিযোগে লক্ষ্মীপুরের রামগতিতে ২২ জেলেকে জরিমানা ও কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। শনিবার দুপুরে সহকারি কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রবিউল হাসানের ভ্রাম্যমান আদালতে ১৯জনকে এক বছর করে কারাদণ্ড এবং  তিনজনকে পাঁচ হাজার টাকা করে জরিমানা করেন। 
 
শুক্রবার দিবাগত রাতে উপজেলার টাংকিবাজার, স্লুইজ খালসহ মেঘনা নদীর বিভিন্ন এলাকায় মৎস্য বিভাগ ও বড়খেরী নৌ-পুলিশ ফাঁড়ির পুলিশ যৌথ অভিযান চালিয়ে তাদেরকে আটক করে। দণ্ডপ্রাপ্ত জেলেদেরকে জেলহাজতে পাঠানো হয়েছে। 
 
দণ্ডপ্রাপ্ত জেলেরা হচ্ছেন- উপজেলার  টাংকিরচর এলাকার  মো. সবুজ (২৩), আবদুর রহিম (২৭), মো. রিপন (২৫), ওসমান গণি (১৯), আলাউদ্দিন (২৫), মো. সেলিম (২৫), শাহাদাত হোসেন (২২), মো. হারুন (৩০), রবি আলম (২৩), আবদুল হালিম (১৯), ইউছুফ (২২), রঘুনাথপুর এলাকার নবী হোসেন (২০), মো. জুয়েল (১৮), রিয়াজ উদ্দিন (২৬), বড়খেরী এলাকার মো. রাশেদ (২২,) আকবর হোসেন (১৮), রায়হান (১৯), বয়ারচর এলাকার মো. সিরাজ (২২), এনাম হোসেন (২৭), আবদুল করিম (৩৮), আয়ুব নবী (১৮), মো. শহিদ (১৮)।
 
মৎস্য সম্পদ উন্নয়ন ও সংরক্ষণ বিষয়ক উপজেলা টাস্কফোর্সের সদস্য সচিব সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) মো. খোরশেদ আলম বিষয়টি নিশ্চিত করে জানান, টাস্কফোর্সের টহল দল ওই জেলেদেরকে আটক করে। পরে ভ্রাম্যমান আদালত মৎস্যসম্পদ রক্ষা ও সংরক্ষণ আইন ১৯৫০-এর ১৩ (১) ধারার আওতায় তাদের কারাদণ্ড ও জরিমানা করেন।
 
রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইকবাল হোসেন জানান, দণ্ডপ্রাপ্ত জেলেদেরকে জেলহাজতে পাঠানো হয়েছে।
 
জাতীয় মাছ ইলিশের প্রজনন মৌসুমে মা ইলিশ রক্ষায় লক্ষ্মীপুরের রামগতি উপজেলার মেঘনা নদীতে ২৫ সেপ্টেম্বর থেকে ৯ অক্টোবর পর্যন্ত (১৫ দিন) সব ধরনের মাছ ধরা নিষিদ্ধ করা হয়েছে। এ সময় সারা দেশে ইলিশ আহরন, ক্রয়-বিক্রয়, পরিবহন এবং মওজুদও নিষিদ্ধ করা হয়েছে।