দাগনভূঞায় সড়ক দুর্ঘটনায় দুই শিশু নিহত

আপডেট : ০৩ অক্টোবর ২০১৫, ১৭:৫১
ফেনী-মাইজদী আঞ্চলিক মহাসড়কের সিলোনিয়ায় ট্রাক চাপায় পূজা রানী দাস (৬) নামে এক শিশু নিহত হয়েছে। শনিবার দুপুর আড়াইটার দিকে ওই এলাকার লালপুর রাস্তার মাথায় এ ঘটনা ঘটে।
 
স্থানীয়রা জানায়, শনিবার দুপুরে নানার বাড়ি থেকে ফেরার পথে মা স্বপা রানী দাসের সঙ্গে পূজা রানী দাস ওই মহাসড়ক পারাপার হচ্ছিল। এ সময় পূজা রানী ট্রাকের নিচে চাপা পড়ে ঘটনাস্থলে নিহত হয়। তবে ট্রাক ও চালককে আটক করা যায়নি। পূজা জায়লস্কর ইউনিয়নের পূর্ব হিরাপুর গ্রামের সুফল চন্দ্র দাসের মেয়ে। সে সিলোনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১ম শ্রেনীর ছাত্রী ছিল।
 
এদিকে দাগনভূঞায় সড়ক দুর্ঘটনায় হাফিজা (৮) নামে আরো এক শিশু নিহত হয়েছে। শনিবার বিকেল তিনটার দিকে ফেনী-মাইজদী আঞ্চলিক মহাসড়কের দুলামিয়া কটন মিল সংলগ্ন স্থানে এ দুর্ঘটনা ঘটে।
 
স্থানীয়রা জানায়, ওইদিন বিকালে রাস্তা পারাপারের সময় নোয়াখালী থেকে ফেনীগামী একটি ট্রাক হাফিজাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে সে নিহত হয়। পরে স্থানীয়রা ধাওয়া করে সিলোনিয়া থেকে ঘাতক ট্রাক ও চালক কামাল হোসেনকে আটক করে পুলিশে সোপর্দ করে। হাফিজার বাবা মোহাম্মদ হানিফ দীর্ঘদিন ধরে ওই এলাকার দুলাল মিয়ার ব্যারাকে বসবাস করে আসছে। আটক কামাল হোসেন গোপালগঞ্জ জেলার ভবানিপুর গ্রামের মুন্সি রেজাউল হকের ছেলে।
 
দাগনভূঞা থানার পরিদর্শক আসলাম এসব তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।