চতুর্থ শ্রেণির ছাত্র সৌরভ মিয়ার দু’পায়ে গুলি করার পর থেকে আত্মগোপন রয়েছেন গাইবান্ধা-১ আসনের সংসদ সদস্য মো. মঞ্জুরুল ইসলাম লিটন। কয়েক দফায় পুলিশ, র্যাবসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অভিযান চালিয়েও তার কোনো খোঁজ পায়নি। এমনকি তার ব্যবহৃত মোবাইল ফোনটি ঘটনার পর থেকেই বন্ধ রয়েছে।
এছাড়া ঘটনার পর এমপি লিটনের পরিবারের কেউ ঘটনা সম্পর্কে বা তার অবস্থান সম্পর্কেও মুখ খুলছেন না।
এদিকে লিটনকে গ্রেফতার ও বিচার দাবিতে উত্তাল হয়ে উঠেছে গোটা সুন্দরগঞ্জ উপজেলা। উপজেলার রাজনৈতিক মহল ও সূধি মহলসহ সর্বস্তরের মানুষের মধ্যে উত্তেজনাসহ ক্ষোভ বিরাজ করছে।
সুন্দরগঞ্জ থানার ওসি (তদন্ত) জিন্নাত আলী জানান, তার বাড়ি বামনডাঙ্গায় র্যাব ও পুলিশ কয়েকবার অভিযান চালিয়েছে। কিন্তু কাউকে পাওয়া যায়নি। তিনি আরো জানান, শুনেছি এমপি সাহেব ঢাকায় গেছেন। মোবাইল বন্ধ থাকায় যোগাযোগ সম্ভব হচ্ছে না।
সুন্দরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আবদুল হাই মিলটন জানান, ঘটনার পর থেকে এমপি ও তার পরিবারের লোকজনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও কাউকে পাওয়া যাচ্ছে না। তিনি আরো জানান, আইনশৃঙ্খলা রক্ষা ও অপ্রীতিকর ঘটনা এড়াতে সুন্দর উপজেলার বামনডাঙ্গা বাজারের সকল দোকান পাঠ রাত ১০টার দিকে বন্ধ করার নির্দেশ দেয়া হয়েছে।
