ধুনটে চালককে হত্যা করে অটোরিকশা ছিনতাই

আপডেট : ০৩ অক্টোবর ২০১৫, ১৯:০২
বগুড়ার ধুনট উপজেলায় চালককে হত্যা করে অটোরিকশার ছিনতাই করেছে দুর্বৃত্তরা। নিহত  আকবর আলী (৫০) ধুনট সদর ইউনিয়নের মাটিকোড়া গ্রামের মৃত আছের শেখের ছেলে।
 
শনিবার পুলিশ কালেরপাড়া ইউনিয়নের সরুগ্রামের একটি ধান ক্ষেত থেকে হাত-পা বাঁধা অবস্থায় ওই অটোরিকশার চালককের লাশ উদ্ধার করে।
 
নিহতের স্ত্রী নিলুফা ইয়াসমিন জানান, আকবর আলী অটোরিকশা চালিয়ে পরিবারের জীবিকা নির্বাহ করতেন। শুক্রবার বিকেল পাঁচটায় অটোরিকশা নিয়ে বাড়ি থেকে বের হন আকবর। রাত আটটায় হুকুম আলী বাসস্ট্যান্ড এলাকায় কয়েকজন যাত্রীসহ আকবরকে স্থানীয় লোকজন দেখতে পায়। কিন্তু রাতে তিনি বাড়ি ফেরেননি।
 
শনিবার সকাল ১০টায় সরুগ্রামের একটি ধান ক্ষেতে তার লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা থানায় খবর দেয়। পুলিশ লাশ উদ্ধার করে মর্গে পাঠায়।
 
পুলিশের প্রাথমিক ধারণা, অটোরিকশাটি ছিনতাইয়ের জন্য দুর্বৃত্তরা তাকে হত্যার পর লাশ সেখানে ফেলে গেছে।
 
ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, লাশ ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় আকবরের স্ত্রী নিলুফা বেগম বাদী হয়ে হত্যা মামলা করেছেন।