গাজীপুরের শ্রীপুরে নিখোঁজ হবার তিনদিন পর রবিবার সকালে গজারি বনের পাশ থেকে আবদুল হাই (৫৫) নামে এক গরু ব্যবসায়ীর লাশ উদ্ধার করেছে পুলিশ। তিনি শ্রীপুর উপজেলার পেলাইদ এলাকার মৃত সাইদ আলীর ছেলে। গত বৃহস্পতিবার বাড়ি থেকে বের হয়ে তিনি আর বাড়ি ফিরেননি।
শ্রীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) আশরাফুজ্জামান জানান, শ্রীপুর উপজেলার গোসিংগা ইউনিয়নের গাজিআড়ন এলাকায় গজারি বনের পাশে স্থানীয়রা আবদুল হাইয়ের লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। পরে সকাল ১০টার দিকে ঘটনাস্থলে গিয়ে পুলিশ লাশ উদ্ধার করে। লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য গাজীপুর শহীদ তাজ উদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
তিনি বলেন, 'লাশের শরীরে আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি। তবে লাশের পাশে একটি বিষের বোতল পাওয়া গেছে। ময়না তদন্ত ছাড়া মৃত্যুর কারণ বলা সম্ভব নয়। আবদুল হাই ঈদে গরুর ব্যবসা করতেন। তার স্ত্রী, তিন ছেলে ও এক মেয়ে রয়েছে।'
