ঘিওরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু

আপডেট : ০৪ অক্টোবর ২০১৫, ১৪:৩৭


মানিকগঞ্জের ঘিওরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শামসুল ইসলাম (৪৫) নামে এক রাইস মিল শ্রমিকের মৃত্যু হয়েছে। শনিবার বিকেলে উপজেলার পয়লা ইউনিয়নের তেরশ্রী বাজারে এই দুর্ঘটনা ঘটে।

নিহত শামসুল উপজেলার বাসুদেববাড়ী গ্রামের কছিমুদ্দিনের ছেলে।

রাইস মিলের মালিক আব্দুল আজিজ জানান, ৭/৮ বছর ধরে শামসুল মিলের কর্মচারী হিসেবে কাজ করছেন। শনিবার দুপুরে হঠাৎ করে মিলের অভ্যন্তরে বিদ্যুৎ লাইনের ত্রুটি দেখা দেওয়ায় কাজ বন্ধ হয়ে যায়। শামসুল নিজ উদ্যোগে ত্রুটি সারানোর চেষ্টাকালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

ঘিওর থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুর রশিদ বিষয়টি নিশ্চিত করে জানান, লাশ ময়না তদন্তের জন্য মানিকগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।