ভাঙ্গায় পেঁয়াজ ভর্তি একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। দুর্ঘটনায় পেঁয়াজের ব্যবসায়ী রাজন ব্যাপারি (৫৫) ঘটনাস্থলেই মারা যান। রবিবার দুপুরে ফরিদপুর-বরিশাল মহাসড়কের কৈডুবিতে এ ঘটনা ঘটে। রাজন সদরপুর থানার চরমানাইর গ্রামের আলেক ব্যাপারির ছেলে।
হাই-ওয়ে থানার উপ-পরিদর্শক মো. মোমেন জানায়, মুকসুদপুর থানা থেকে পেঁয়াজ ভর্তি করে ট্রাক (ঢাকা মেট্রো ন ১১-৮১৩৫) টেকেরহাটের উদ্দেশ্যে রওনা হয়। দুর্ঘটনাস্থলে ট্রাকটি আসলে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে উল্টে যায়। এ সময় ট্রাকের নিচে পেঁয়াজ ব্যবসায়ী আটকে পড়লে স্থানীয় জনতা ও পুলিশ মিলে তার মৃতদেহ উদ্ধার করে।
