নাটোরের গুরুদাসপুর উপজেলায় স্কুলছাত্রী দিপা (১৪) হত্যাকাণ্ডে জড়িত অভিযোগে দুইজনকে ঢাকা থেকে গ্রেফতার করেছে পুলিশ। এরা হলেন, দিপার প্রেমিক স্বপন (১৮) এবং সজিব (১৭)।
এ ঘটনায় শুক্রবার রাতে ছয়জনকে আসামি করে মামলা করা হয়েছে।
এর আগে ঘটনার দিন বৃহস্পতিবার রাতে অভিযুক্ত সোহেল রানা (৩০) ও সালমানকে (২০) আটক করা হয় ও পরে তাদের গ্রেফতার দেখিয়ে জেল হাজতে পাঠানো হয়।
এদিকে এ হত্যাকাণ্ডের বিচার দাবিতে রবিবার প্রতিবাদ মিছিল, সমাবেশ ও মানববন্ধন করেছে গ্রামের সর্বস্তরের মানুষ। তারা জড়িতদের গ্রেফতার ও ফাঁসির দাবি করেন।
গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইব্রাহিম হোসেন জানান, জিজ্ঞাসাবাদে তারা গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছে। মামলার স্বার্থে এখনই কিছু বলা যাচ্ছে না। দুপুরে তাদের আদালতের মাধ্যমে জেলা জেল হাজতে পাঠানো হয়েছে।
উল্লেখ্য, বৃহস্পতিবার গভীর রাতে উপজেলার দক্ষিণ সাহাপুর গ্রামের দুলাল প্রামানিকের মেয়ে দিপাকে বিয়ের প্রলোভনে ডেকে নিয়ে হত্যা করে প্রেমিক স্বপন। দিপা চাঁচকৈড় নাজিম উদ্দিন স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণির ছাত্রী ছিল। অভিযুক্ত স্বপন পাশের বামনখোলা গ্রামের বাসিন্দা।
