চকরিয়ার দুই কাঁচামাল ব্যবসায়ী অপহৃত, মুক্তিপণ দাবি

আপডেট : ০৪ অক্টোবর ২০১৫, ২০:২৪
কক্সবাজারের চকরিয়া উপজেলার আলীকদমে দুই কাচাঁমাল ব্যবসায়ী অপহরণের শিকার হয়েছেন। রবিবার সকালে কাঁচামাল কিনতে গিয়ে আলীকদমের কচ্ছপিয়ার মুখ এলাকা থেকে তাদেরকে অপহরণ করা হয়। অপহৃতরা হলেন, চকরিয়া পৌরসভার ৪নম্বর ওয়ার্ডের ভরামুহুরী এলাকার সাইফুল ইসলাম ও একই এলাকার মোহাম্মদ আলী।
 
অপহৃতদের পরিবার জানায়, সকাল ১১টার দিকে অপহরণকারী চক্র ওই দুইজনের মুক্তিপণ হিসেবে তাদের কাছে ছয় লাখ টাকা দাবি করেছে।
 
অপহৃত মোহাম্মদ আলীর বাবা মাসুক আহমদ জানান, অপহরণের অন্তত তিনঘণ্টা পর অপহরণকারী চক্র মুঠোফোনে তাদের পরিবারের কাছে ছয় লাখ টাকা মুক্তিপণ দাবি করেন।
 
আলীকদম সেনানিবাসের জোন কমান্ডার মিজানুর রহমান সাংবাদিকদের বলেন, ‘সেনাবাহিনী সদস্যরা অপহৃত ওই দুই ব্যবসায়ীকে উদ্ধার এবং ঘটনায় জড়িতদের গ্রেফতারে অভিযানে নেমেছে।'