গুরুদাসপুরে আওয়ামী লীগের দুই গ্রুপের মধ্যে ধাওয়া, পাল্টা-ধাওয়ার ঘটনা ঘটেছে। গতকাল রবিবার বিকালে শহরের চাঁচকৈড় বাজারের প্রধান সড়কে এ ঘটনা ঘটে। এনিয়ে রাতে শহরে উত্তেজনা বিরাজ করে। শহরে পুলিশ মোতায়েন করা হয়েছে। আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে পৌর মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. শাহনেওয়াজ আলী মোল্লা ও শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম বিপ্লবের অনুসারীদের মধ্যে এ ধাওয়া, পাল্টা- ধাওয়ার ঘটনা ঘটে।
এসময় প্রতিপক্ষের ছোঁড়া পিস্তলের গুলিতে মেয়র শাহনেওয়াজ আলী মোল্লার ছোট ভাই তারেক মোল্লা (২৬) দুই পায়ে গুলিবিদ্ধ হয়েছেন বলে মেয়র দাবি করেছেন। তারেককে গুরুদাসপুর হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাসপাতালের জরুরি বিভাগের চিকিত্সক আশিকুল ইসলাম জানান, তারেকের ডানপাশের সামনে ও বামপায়ের পেছনে কয়েকটি জখমের চিহ্ন রয়েছে। তবে আঘাতটি গুলির কি না, তা এই মুহূর্তে বলা যাচ্ছে না।
