হবিগঞ্জে জামায়াতের আমিরসহ ১৫ জন গ্রেফতার

আপডেট : ০৫ অক্টোবর ২০১৫, ১২:১৩
হবিগঞ্জের নবীগঞ্জে জামায়াতের আমির মাওলানা আশরাফ আলীসহ জামায়াত-শিবিরের ১৫ নেতাকর্মীকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। রবিবার দিবাগত রাত দেড়টার দিকে শায়েস্তাগঞ্জে একটি মেসে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। 
 
হবিগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) সুদীপ রায় জানান, হবিগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) শহীদুল ইসলামের নেতৃত্বে গোয়েন্দা পুলিশের একটি দল শায়েস্তাগঞ্জ মনিকা সিনেমা হলের কাছে তোফাজ্জল ভিলা নামে একটি ভবনে অভিযান চালায়। অভিযানকালে ওই বাসার একটি ফ্ল্যাট থেকে নবীগঞ্জ উপজেলা জামায়াতের আমির মাওলানা আশরাফ আলী, শায়েস্তাগঞ্জ থানা জামায়াতের সাবেক সাধারণ সম্পাদক ইয়াসিন খান, লাখাইল উপজেলা শিবিরের সাবেক সভাপতি রুহুল আমিন, শায়েস্তাগঞ্জ থানা ছাত্রশিবিরের সেক্রেটারি হোসাইন আহমদ, শিবিরকর্মী নিজাম উদ্দিনসহ ১৫ জনকে আটক করে পুলিশ। আটক ব্যক্তিদের মধ্যে কয়েকজন ওই ভবনে একটি ফ্ল্যাটে মেস করে থাকতেন। 
 
এ সময় ওই স্থান থেকে একটি মোটরসাইকেল, মোবাইল ফোন, ককটেল, ককটেল তৈরির উপকরণ, লিফলেট ও বেশ কিছু জিহাদি বই উদ্ধারের দাবি করে পুলিশ।