মেহেরপুর গাংনীতে ধানখোলা গ্রামে স্বামীর নির্যাতনের শিকার হয়েছেন নাজমীনা আক্তার (৩৫)। রবিবার রাত ৯ টার দিকে নিজ বাড়িতে স্ত্রীকে নির্যাতন করে পালিয়ে গেছেন স্বামী।
গৃহবধূ নাজমীনা আক্তারের মা বলেন, 'প্রায় ২০ বছর আগে ধানখোলা গ্রামের সরোয়ার হোসেনের সঙ্গে তার মেয়ের বিয়ে হয়। এখন তার ঘরে ৫ টি সন্তান রয়েছে। সংসারের পান থেকে চুন খসতেই মেয়ের ওপর নেমে আসে নির্যাতন। রবিবার রাতে তুচ্ছ ঘটনা নিয়ে ঘর আটকে সরোয়ার নাজমীনাকে পিটিয়ে গুরুতর আহত করেন। এক পর্যায়ে তার জ্ঞান হারালে মৃত ভেবে পালিয়ে যান।' প্রতিবেশীরা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে বলে তিনি জানান। তার অবস্থা আশংকাজনক বলে জানিয়েছেন হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. এমকে রেজা।
গাংনী থানার ওসি আকরাম হোসেন জানান, অভিযোগ পেলে স্বামীর বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
