বগুড়ায় পৃথক ঘটনায় যুবলীগ কর্মীসহ দুইজন খুন

আপডেট : ০৫ অক্টোবর ২০১৫, ১৬:৪৫
বগুড়ায় পৃথক ঘটনায় দুইজন খুন হয়েছেন ।
 
জেলা সদর উপজেলার হাজরাদীগিতে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে মিলন নামে এক যুবলীগ কর্মী খুন হয়েছেন । এঘটনায় এক নারীকে গ্রেফতার করেছে পুলিশ । অপর ঘটনাটি ঘটেছে জেলার কাহালু উপজেলার পল্লিতে। সেখানে নিজের শোবার ঘর থেকে সাহেব আলী (৩২) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। একই সঙ্গে নিহতের স্ত্রীকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।
 
প্রথম ঘটনা
পুলিশ জানায়, জেলা সদর উপজেলায় প্রেমঘটিত বিরোধের জের ধরে মিলন হোসেন (৩৫) নামে এক যুবলীগ কর্মীকে ছুরিকাঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা। মিলন সদর উপজেলার হাজরাদীঘি তালুকদারপাড়ার আব্দুল করিমের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, রবিবার সন্ধ্যা সাতটার দিকে হাজরাদীঘি বাজারে দুর্বৃত্তরা মিলনকে ছুরিকাঘাত করে। গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে বগুড়া সরকারি মোহাম্মদ আলী হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানে অবস্থার অবনতি হলে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর চিকিৎসাধীন অবস্থায় মধ্যরাতে  তার মৃত্যু হয়।
 
জেলা সদর থানার উপ-পরিদর্শক (এসআই) মোসাদ্দেক জানান, এ ঘটনায় রাজেনা বেগম (৪৫) নামের এক নারীকে গ্রেফতার করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। প্রেমঘটিত বিরোধের জের ধরে এ ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
 
অপর ঘটনা
এদিকে বগুড়ার কাহালু উপজেলার মালঞ্চা ইউনিয়নের বড় পুকুরিয়া গ্রামে নিজ ঘর থেকে সাহেব আলীর লাশ উদ্ধার করেছে পুলিশ। তিনি ওই গ্রামের  তোজাম্মেল হোসেনের ছেলে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ নিহতের স্ত্রী ফায়মা খাতুনকে (২৫) আটক করেছে।
 
কাহালু থানার উপ-পরিদর্শক (এসআই) তোজাম্মেল হক জানান, রবিবার রাতের কোন এক সময় সাহেব আলীর মৃত্যু হয়েছে। সোমবার সকাল নয়টার দিকে লাশটি উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে এটিকে হত্যাকাণ্ড বলে দাবি করা হয়েছে।