হবিগঞ্জে জামায়াত-শিবিরের ২১ নেতা-কর্মী আটক, ককটেল উদ্ধার

আপডেট : ০৫ অক্টোবর ২০১৫, ১৭:৩০
হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলায় জামায়াত-শিবিরের ২১ নেতা-কর্মীকে আটক করেছে পুলিশ। এ সময় ওই নেতা-কর্মীদের ছাত্রাবাস থেকে পাঁচটি ককটেল, ককটেল তৈরির উপকরণ, বিপুল পরিমাণ জিহাদি বই ও সরকার বিরোধী লিফলেট উদ্ধার করা হয়েছে। গ্রেফতারদের মধ্যে জেলা জামায়াতের সাবেক আমির অ্যাডভোকেট আব্দুস শহীদসহ আটজনকে নাশকতার পরিকল্পনার অভিযোগে গ্রেফতার দেখানো হয়েছে।
 
অতিরিক্ত পুলিশ সুপার মো. শহিদুল ইসলাম জানান, রবিবার রাতে উপজেলার নিজগাঁও গ্রামের তোফাজ্জল হকের একটি বিল্ডিংয়ে জামায়াত-শিবিরের ওই নেতাকর্মীরা নাশকতার পরিকল্পনা করছিল। এ সময় বাড়ির কয়েকটি কক্ষে তল্লাশি চালিয়ে শায়েস্তাগঞ্জ থানা জামায়াতের সাবেক সেক্রেটারি মো. ইয়াছির খান, শিবির সভাপতি হুসাইন আহমদ ও শিবির কর্মী নিজাম উদ্দিনকে গ্রেফতার করা হয়। একই সঙ্গে এসব ককটেল, ককটেল তৈরির উপকরণ, জর্দ্দার কৌটা, ইলেক্ট্রিক বাল্ব, মোবাইল সেট, সিম, বিভিন্ন প্রকার জিহাদি বই ও লিফলেট উদ্ধার করা হয়। পরে তাদের দেয়া তথ্যের ভিত্তিতে সোমবার ভোরে জেলা শহরের মোহনপুর এলাকায় জামায়াতের সাবেক আমির অ্যাডভোকেট আব্দুস শহীদের বাসায় দলের অস্থায়ী কার্যালয়ে অভিযান চালানো হয়। সেখান থেকে আব্দুস শহীদ ছাড়াও নবীগঞ্জ উপজেলা জামায়াতের আমির ও উপজেলা ভাইস চেয়ারম্যান মাওলানা আশরাফ আলী, শিবির কর্মী হাফেজ মো. মামুনুর রহমান, জহিরুল ইসলাম কয়েস ও লাখাই উপজেলা শিবিরের সাবেক সভাপতি রুহুল আমীনকে গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকেও বিপুল পরিমান জিহাদি বই ও লিফলেট জব্দ করা হয়। অভিযান শেষে ওই কার্যালয়টি সিলগালা করা হয়েছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য আরো ১২ সন্দেহভাজনকে  আটক করা হয়।