বেড়াতে গিয়ে কিশোরী গণধর্ষণের শিকার, আটক ১

আপডেট : ০৫ অক্টোবর ২০১৫, ১৮:৩৪
বাবা-মায়ের সঙ্গে যশোর থেকে বাগেরহাটের রামপাল উপজেলায় বেড়াতে গিয়ে এক কিশোরী (১৪) গণধর্ষণের শিকার হয়েছেন। রবিবার রাতে এ ঘটনা ঘটে।
 
এ ঘটনায় রবিউল গাজী নামের একজনকে পুলিশ আটক করেছে। সোমবার কিশোরীর ডাক্তারি পরীক্ষা বাগেরহাট সদর হাসপাতালে সম্পন্ন হয়েছে।
 
রামপাল থানা পুলিশ জানায়, যশোর জেলার গাইডগাতি এলাকার জনৈক ব্যক্তি তার স্ত্রী ও কন্যাকে সঙ্গে নিয়ে রবিবার বাগেরহাটের রামপাল গোবিন্দপুর এলাকায় বেড়াতে যান। সেখানে ওই কিশোরীকে স্থানীয় বখাটে মোজা শেখসহ (২৮) তিন যুবক তুলে নিয়ে গিয়ে ধর্ষণ করে। পরে তারা ওই রাতেই পার্শ্ববর্তী রনসেন এলাকার তিন যুবকের কাছে ওই কিশোরীকে তুলে দিলে তারাও তাকে ধর্ষণ করে।
 
খবর পেয়ে ফয়লাহাট পুলিশ ক্যাম্পের আইসি আলমগীর হোসেন ঘটনাস্থলে গিয়ে রনসেন এলাকার আফজাল গাজীর ছেলে রবিউল গাজীকে আটক করে। এ সময় কিশোরীকেও উদ্ধার করে পুলিশ। সোমবার সকালে পুলিশ আটক রবিউলকে রামপাল থানা পুলিশের কাছে হস্থান্তর করে।
 
রামপাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম তথ্যের সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় কিশোরীর বাবা বাদী হয়ে পাঁচজনের নাম উল্লেখ এবং অজ্ঞাতনামা আরো দুজনকে আসামি করে মামলা করেছে। অপর আসামিদের ধরতে পুলিশের অভিযান চলছে।