'বাংলাদেশ সফরের স্কোয়াড থাকছে না নিউজিল্যান্ড সিরিজে'

আপডেট : ০৫ অক্টোবর ২০১৫, ২১:১১
 
স্থগিত হয়ে যাওয়া বাংলাদেশ সফরের জন্য ঘোষিত স্কোয়াড থেকে কিছু পরিবর্তন এনে আসন্ন নিউজিল্যান্ড সিরিজের জন্য অস্ট্রেলিয়ার দল ঘোষণা করা হবে বলে জানালেন অসিদের প্রধান নির্বাচক মার্ক ওয়াহ।
 
তিনি বলেন, 'বাংলাদেশ ও নিউজিল্যান্ড আলাদা আলাদা দল। তাই বাংলাদেশ সফরের জন্য ঘোষিত দলে কিছুটা পরিবর্তন আনা হবে নিউজিল্যান্ড সিরিজে।' গত মাসের শেষের দিকে বাংলাদেশ সফর করার কথা ছিলো অস্ট্রেলিয়ার। তাই সফরের কয়েক সপ্তাহ আগে অস্ট্রেলিয়া স্কোয়াড ঘোষনা করেছিলো সেদেশের ক্রিকেট বোর্ড। কিন্তু নিরাপত্তার অজুহাত দেখিয়ে বাংলাদেশ সফর স্থগিত করে অসিরা। ফলে ঘোষিত স্কোয়াড নিয়ে বাংলাদেশে আসা হয়নি অসিদের।
 
ঐ দল নিয়ে আসন্ন নিউজিল্যান্ড সিরিজ খেলবেনা অস্ট্রেলিয়া । নিউজিল্যান্ড বিপক্ষে সিরিজে দলে পরিবর্তন আনার ইঙ্গিত দিয়ে অস্ট্রেলিয়ার প্রধান নির্বাচক মার্ক ওয়াহ, ‘বাংলাদেশ ও নিউজিল্যান্ড দু’টি ভিন্ন ধরনের দল। এতে কোন সন্দেহ নেই। বাংলাদেশ বিপক্ষে সিরিজে দলে ছিলেন না ওয়ার্নার, হ্যাজেলউড ও জনসন। কোন না কোন কারণে এদেরকে স্কোয়াডের বাইরে রাখা হয়েছিলো। তবে নিউজিল্যান্ড সিরিজে এই তিনজনকে স্কোয়াডে দেখা যেতে পারে। তাই বাংলাদেশ সফরের জন্য ঘোষিত দলে পরিবর্তন এনে নিউজিল্যান্ড বিপক্ষে সিরিজের দল সাজানো হবে।'
 
নিউজিল্যান্ডের বিপক্ষে আসন্ন তিন ম্যাচের সিরিজ দেশের মাটিতেই খেলবে অস্ট্রেলিয়া। তাই বাংলাদেশের ও অস্ট্রেলিয়ার কন্ডিশনে ব্যাপক পরিবর্তন থাকায় এমন সিদ্বান্ত বলে জানালেন ওয়াহ, 'বাংলাদেশের সঙ্গে অস্ট্রেলিয়ার কন্ডিশনের ব্যাপক তফাৎ। বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজে যেখানে দু’জন স্পিনার নিয়ে খেলার পরিকল্পনা ছিলো আমাদের। সেখানে নিউজিল্যান্ডের বিপক্ষে ব্রিজবেনের প্রথম টেস্টে আমরা দু’জন স্পিনার নিয়ে অবশ্যই খেলতে নামবো না। এই সিরিজে পেসাররাই বেশি প্রাধান্য পাবে। নিউজিল্যান্ডের কথা চিন্তা করেই দল সাজাবো আমরা। সিরিজের প্রথম টেস্টের জন্য ১২ সদস্যের দল চলতি মাসের শেষেই ঘোষনা করা হবে। ঐ দলের সাথে বাংলাদেশের ঘোষিত স্কোয়াডের পরিবর্তনটাও তখন বুঝা যাবে।'
 
আগামী ৫ নভেম্বর ব্রিসবেনে সিরিজের প্রথম টেস্টে মুখোমুখি হবে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড। এরপর পার্থে ১৩ নভেম্বর সিরিজের দ্বিতীয় টেস্ট খেলতে নামবে দু’দল। আর এ্যাডিলেড ওভালে ২৭ নভেম্বর থেকে শুরু হবে সিরিজের তৃতীয় ও শেষ টেস্ট।