সিলেট-ঢাকা রুটে পরিবহন ধর্মঘট প্রত্যাহার

আপডেট : ০৫ অক্টোবর ২০১৫, ২১:৪০
সিলেট-ঢাকা রুটে মঙ্গলবার থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে।
 
সোমবার সন্ধ্যা সাতটা থেকে রাত সাড়ে নয়টা পর্যন্ত জেলা প্রশাসন ও জেলা পরিবহণ শ্রমিক ইউনিয়নের নেতা-কর্মীদের মধ্যে বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে তদন্ত সাপেক্ষে হানিফ পরিবহনের কাউন্টার ও লেগুনা ভাঙচুরের ঘটনায় ছাত্রলীগ কর্মীদের সম্পৃক্ততা খুঁজে পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার আশ্বাস দেয় জেলা প্রশাসন। এ আশ্বাসের ভিত্তিতে সংগঠনটি এ ধর্মঘট প্রত্যাহার করে নেয়।
 
ইউনিয়নের সভাপতি সেলিম আহমেদ ফলিক তথ্যের সত্যতা নিশ্চিত করেছন।
 
উল্লেখ্য, শুক্রবার রাতে হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় একটি ট্রাকের সঙ্গে হানিফ পরিবহনের একটি যাত্রীবাহী বাসের ধাক্কা লাগে। এতে সাতজনের মৃত্যু হয়। নিহতদের মধ্যে জেলা আওয়ামী লীগ নেতা মুস্তাক আহমেদ পলাশের স্ত্রী, পুত্র ও একজন সেনা সদস্য রয়েছেন। এ দুর্ঘটনার জের ধরে জেলা ছাত্রলীগ কর্মীরা বিক্ষুব্ধ হয়ে ওইদিন গভীর রাতে হানিফ পরিবহনের কাউন্টার ভাঙচুর করে ও পরিবহনের দুটি লেগুনা পুড়িয়ে দেয়।