ওরেগনে নিহতদের আত্মীয়স্বজনের সঙ্গে সাক্ষাৎ করবেন ওবামা

আপডেট : ০৬ অক্টোবর ২০১৫, ১২:৩৬

প্রেসিডেন্ট বারাক ওবামা উম্পকুয়া কমিউনিটি কলেজে ভয়াবহ হামলার ঘটনা নিহতদের আত্মীয়স্বজনের সঙ্গে সাক্ষাৎ করতে আগামী শুক্রবার ওরেগনে যাচ্ছেন। হোয়াইট হাউসের এক কর্মকর্তা এএফপিকে একথা বলেন।

গত ১ অক্টোবর এক বন্দুকধারী ওরেগনের রোজবার্গে অবস্থিত ওই কলেজে নির্বিচারে গুলি চালায়। এতে সেখানে নয়জনের মৃত্যু হয়। পুলিশের হাতে ধরা পড়ার আগে ওই বন্দুকধারী আত্মহত্যা করে। এ ঘটনার মাত্র কয়েক ঘন্টা পর বারাক ওবামা এক সংবাদ সম্মেলনে আগ্নেয়াস্ত্র রাখা সংক্রান্ত আইন প্রণয়নের বিরোধিতা করার জন্য বিরোধী রিপাবলিকান নিয়ন্ত্রিত কংগ্রেসের কঠোর সমালোচনা করেন।

পরে তিনি সতর্ক করে দিয়ে বলেন, আগ্নেয়াস্ত্র নিয়ন্ত্রণ সংক্রান্ত আইন প্রণয়নের ব্যর্থতা ছিল একটি ‘রাজনৈতিক সিদ্ধান্ত।’ সর্বশেষ এ গণহত্যার পর তিনি এ সংক্রান্ত সংস্কারে চাপ অব্যাহত রাখার প্রতিশ্রুতি ব্যক্ত করেন। নাম প্রকাশ না করার শর্তে সোমবার রাতে হোয়াইট হাউসের এক কর্মকর্তা বলেন, ওবামা ওই হামলার ঘটনায় নিহতদের আত্মীয়স্বজনের সাথে সাক্ষাৎ করতে ব্যক্তিগতভাবে ওরেগনের রোজবার্গ সফর করবেন। উল্লেখ্য, এ হামলার ঘটনায় আগ্নেয়াস্ত্র নিয়ন্ত্রণ সংক্রান্ত বিতর্ক আবার জোরালো হলো। বাসস ও ডেইলি মেইল