একাত্তরে মুক্তিযুদ্ধকালে মানবতাবিরোধী অপরাধ মামলায় লক্ষ্মীপুরের রামগতিতে মো. ইউছুফ (৭৫) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার রাতে হাজিগঞ্জ এলাকার নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। মো. ইউছুফ হাজিগঞ্জ মাদ্রাসার সাবেক শিক্ষক।
রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল হোসেন জানান, মানবতাবিরোধী অপরাধের মামলায় সোমবার তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১। রাতেই নোয়াখালীর সুধারাম থানার পুলিশ তাকে গ্রেফতার করে নিয়ে যান।
স্থানীয় সূত্রে জানা যায়, মুক্তিযুদ্ধের সময় মো.ইউসুফ খলিফারহাট এলাকায় রাজাকার বাহিনীর নেতৃত্ব দেন। রাজাকার নেতা হিসাবে এলাকায় তিনি কুখ্যাত ছিলেন ।
স্বাধীনতার পর দালাল আইনে ইউসুফ অভিযুক্ত হন। ঐ সময় তিনি এলাকা থেকে আত্মগোপন করেন এবং পরিচয় গোপন করে লক্ষ্মীপুরের রামগতি উপজেলার রামগতির হাটে একটি হোটেলে কর্মচারীর কাজ নেন। ১৯৭২ সালে রামগতি থানার পুলিশ তাকে গ্রেফতার করে নোয়াখালী জেলা কারাগারে প্রেরণ করে। এক বছরেরও বেশি সময় কারাভোগের পর জামিনে মুক্ত হন এবং জিয়াউর রহমানের শাসন আমলে দালাল আইনের মামলা থেকে অব্যাহতি পান।
পরে ১৯৭৬ সালে ইউছুফ চর পোড়াগাছা ছিদ্দিকিয়া দাখিল মাদ্রাসায় সহকারী মৌলভি পদে চাকরি নেন। পাশাপাশি একটি মসজিদেও ইমামতির চাকরি নেন।
পোড়াগাছা ছিদ্দিকিয়া দাখিল মাদ্রাসার প্রতিষ্ঠাতা মাষ্টার রুহুল আমিন মিয়া জানান, শারীরিক অসুস্থতার জন্য ২০১০ সালে চাকরি থেকে তিনি স্বেচ্ছায় অবসর নেন।
