পাকিস্তানের অফ-স্পিনার বিলাল আসিফের বোলিং অ্যাকশন নিয়ে সন্দেহ প্রকাশ করেছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের তৃতীয় ম্যাচ শেষে আসিফের বোলিং অ্যাকশন সন্দেহজনক জানিয়ে পাকিস্তানের দলের কাছে রিপোর্ট দেয় আইসিসি।
জিম্বাবুয়ের বিপক্ষে টুয়েন্টি টুয়েন্টি সিরিজের স্কোয়াডে থাকলেও ম্যাচ খেলা হয়নি আসিফের। তবে ওয়ানডে সিরিজের শেষ দু’টি ম্যাচে একাদশে সুযোগ পান তিনি। দ্বিতীয় ওয়ানডেতে আহামরি কিছু না করতে পারলেও তৃতীয় ম্যাচে অলরাউন্ড পারফরমেন্স প্রদর্শন করেন আসিফ। বল হাতে ১০ ওভারে ২৫ রান দিয়ে ৫ উইকেট শিকার করার পাশাপাশি ব্যাট হাতে ওপেনার হিসেবে নেমে ৩৯ বলে ৩৮ রানের মূল্যবান ইনিংস খেলেন ৩০ বছর বয়সী আসিফ। তার এমন দুর্দান্ত পারফরমেন্সে জিম্বাবুয়ের বিপক্ষে তৃতীয় ম্যাচ জয়ের সাথে সাথে ওয়ানডে সিরিজ জিতে নেয় পাকিস্তান। পাকিস্তানকে সিরিজে জয়ের স্বাদ এনে দেয়ার আনন্দটা পুরোপুরিভাবে উদযাপন করতে পারেননি আসিফ। কারণ, তার বোলিং অ্যাকশন নিয়ে সন্দেহ প্রকাশ করেছে আইসিসি। এ ব্যাপারে পাকিস্তান ক্রিকেট দলের ম্যানেজার ইন্তিখাব আলম বলেন, তৃতীয় ওয়ানডের পর আসিফের বোলিং অ্যাকশন নিয়ে সন্দেহ প্রকাশ করেছে আইসিসি। এই নিয়ে পরবর্তী প্রক্রিয়া কি হবে তা আইসিসির সাথে আলোচনা করবো আমরা।
আগামী দু’সপ্তাহের মধ্যে বোলিং অ্যাকশন নিয়ে পরীক্ষা দিতে হবে আসিফকে। পরীক্ষার রিপোর্ট না আসা পর্যন্ত আন্তর্জাতিক অঙ্গনে বোলিং করতে কোন বাঁধা নেই তার। তবে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ শুরুর আগেই আসিফের বোলিং অ্যাকশন নিয়ে তৈরি হওয়া ঝামেলা মিটিয়ে ফেলতে চাইছে পাকিস্তান। বোলিং অ্যাকশন সন্দেহজনক হওয়ায় ইতোমধ্যে ১২ মাসের নিষেধাজ্ঞায় রয়েছেন অলরাউন্ডার মোহাম্মদ হাফিজ। ওপেনার হিসেবে ব্যাট করা ছাড়াও অফ-স্পিনটাও ভালোভাবে সামলাতেন তিনি। হাফিজ ছাড়াও বোলিং অ্যাকশন সন্দেহজনক হওয়ায় দীর্ঘদিন মাঠের বাইরে ছিলেন সাইদ আজমল। ক্রিকইনফো
