উল্লাপাড়ায় নদীতে নিখোঁজ শিক্ষার্থীর লাশ উদ্ধার

আপডেট : ০৬ অক্টোবর ২০১৫, ১৬:৫২
 
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় নদীতে নিখোঁজ শিক্ষার্থী সেলিম রেজার লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার বেলা ১১টার দিকে  ঘাটিনা পালপাড়া গ্রামের পাশের নদী থেকে লাশটি উদ্ধার করা হয়।
সেলিম রেজা হবিগঞ্জ পলিটেকনিক ইন্সটিটিউটের ৪র্থ বর্ষের ছাত্র ও উপজেলার নলসোন্দা গ্রামের বাহেজ উদ্দিনের ছেলে।
 
জানা গেছে, সোমবার সকালে উল্লাপাড়া রেলস্টেশন থেকে সিল্কসিটি আন্তঃনগর ট্রেনের ছাদে ভ্রমণ করে ঢাকা যাবার সময় ঘাটিনা রেলসেতুর খাঁচার সাথে ধাক্কা লেগে নদীতে পরে সেলিম নিখোঁজ হন। পরে ফায়ার সার্ভিসের ডুবুরিরা বেশ চেষ্টা করেও ব্যর্থ হন। মঙ্গলবার পালপাড়া জেলেরা মাছ ধরার সময় সেলিমের লাশ তাদের জালে উঠে আসে। পরে পুলিশ লাশটি উদ্ধার করে।
 
সিরাজগঞ্জ জিআরপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামাল হোসেন জানান, ময়নাতদন্ত শেষে সেলিমের লাশ তার পরিবারের নিকট হস্তান্তর করা হবে। এ ব্যাপারে থানায় একটি ইউপি মামলা  হয়েছে।