পেকুয়ায় দুর্বৃত্তের গুলিতে নিহত ১, আটক ৮

আপডেট : ০৬ অক্টোবর ২০১৫, ১৯:১২
কক্সবাজারের পেকুয়া উপজেলায় দুর্বৃত্তদের গুলিতে কফিল উদ্দিন (৩২) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এতে স্কুলছাত্রী ও আওয়ামী লীগ নেতাসহ অন্তত ১০ জন গুলিবিদ্ধ হয়েছেন। পুলিশ ঘটনায় জড়িত আটজনকে আটক করেছে।
 
মঙ্গলবার সকাল আটটার দিকে উপজেলা সদর ইউনিয়নের ছিরাদিয়া এলাকায় এ ঘটনা ঘটে। কফিল উদ্দিন ওই এলাকার জসিম উদ্দিনের পুত্র। আহতদের উদ্ধার করে স্থানীয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করিয়েছে। আটককৃতরা হলেন, ছিরাদিয়া এলাকার কাইসার উদ্দিন, তার ভাই এমরান, আজমগীর, আব্দুর রহিম, আব্দুল আলীম, তৌহিদ, ইউনুস ও সাইফুল ইসলাম। পুলিশ লাশ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট শেষে ময়না তদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
 
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, ওই দিন সকালে কাইসারের নেতৃত্বে একদল দুর্বৃত্ত জসিম উদ্দিনের একটি চিংড়ি ঘেরের  মাছ লুট করার চেষ্টা চালায়। এ সময় জসিম তাদের বাধা দেয়ার চেষ্টা করলে দুপক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। ওই ঘটনার জের ধরে কাইসারের নেতৃত্বে ১০/১২জনের একদল অস্ত্রধারীরা সন্ত্রাসী গুলি ছোড়ে। এতে গুলিবিদ্ধ হয়ে কফিল ঘটনাস্থলে প্রান হারাণ। পালিয়ে যাওয়ার সময় আট অস্ত্রধারী পুলিশের হাতে আটক হন। এ সময় তাদের কাছ থেকে চারটি দেশীয়  ধারালো অস্ত্র উদ্ধার করে পুলিশ।